
যুক্তরাষ্ট্র: চাঁদের চারপাশ ঘুরে দীর্ঘ ১০ দিনের মহাকাশ অভিযান শেষ করে নিরাপদে পৃথিবীতে ফিরে এলেন নাসার চার মহাকাশচারী। ‘আর্টেমিস ২’ মিশনের অংশ হিসেবে তাঁরা শনিবার সকালে (ভারতীয় সময়) প্রশান্ত মহাসাগরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে অবতরণ করেন।
নাসার ক্যাপসুলটি নির্বিঘ্নে সমুদ্রে অবতরণ করার পর উদ্ধারকারী দল দ্রুত মহাকাশচারীদের নিরাপদে তীরে নিয়ে আসে। এই মিশনের মাধ্যমে দীর্ঘ পাঁচ দশক পর চাঁদকে ঘিরে নতুনভাবে মানব মহাকাশযাত্রার সাফল্য পেল যুক্তরাষ্ট্র।
নাসার এই অভিযান মূলত চাঁদে অবতরণ নয়, বরং চাঁদের চারপাশ প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরে আসার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। মিশনে অংশ নেন চার মহাকাশচারী—রিড ওয়াইসম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং কানাডার জেরেমি হ্যানসেন। এঁদের মধ্যে কেউ কেউ পূর্বেও মহাকাশে দীর্ঘ সময় কাটিয়েছেন, আবার কারও জন্য এটি ছিল প্রথম অভিজ্ঞতা।
নাসার তথ্য অনুযায়ী, মহাকাশচারীরা প্রায় ১১ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে চাঁদের নিকটবর্তী কক্ষপথ ঘুরে পৃথিবীতে ফিরে আসেন। পুরো মিশন সফলভাবে সম্পন্ন হওয়ায় নাসা ভবিষ্যতের ‘আর্টেমিস ৩’ মিশনের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল, যার লক্ষ্য চাঁদের পৃষ্ঠে মানুষের অবতরণ।
অবতরণের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহাকাশচারীদের অভিনন্দন জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেন। তিনি এই মিশনকে “দুর্দান্ত সাফল্য” বলে উল্লেখ করে ভবিষ্যতে মঙ্গলগ্রহে মানব অভিযান পরিচালনার ইঙ্গিত দেন।
নাসার এই সাফল্যকে মহাকাশ গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই মিশন চাঁদে দীর্ঘমেয়াদি মানব বসবাস এবং ভবিষ্যতের মঙ্গল অভিযান পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ভিত্তি তৈরি করবে।
১৯৭২ সালের অ্যাপোলো মিশনের পর দীর্ঘ বিরতির পর আবার চাঁদকে কেন্দ্র করে মানব অভিযানে নতুন অধ্যায় শুরু করল নাসার ‘আর্টেমিস’ প্রকল্প।
