
বিহার সরকার রাজ্যের সরকারি কর্মীদের সামাজিক মাধ্যম ব্যবহারের ওপর নতুন ও কঠোর নিয়ম কার্যকর করেছে। এই নিয়ম লঙ্ঘন করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ডিজিটাল যুগে শৃঙ্খলা বজায় রাখা এবং প্রশাসনিক প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী সরকারি কর্মীরা ফেসবুক, এক্স, ইনস্টাগ্রামের মতো সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে সরকারের নীতি, প্রকল্প বা বিচারব্যবস্থার সিদ্ধান্ত নিয়ে ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারবেন না, বিশেষ করে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট সম্পর্কিত বিষয়ে কোনো মন্তব্য করার আগে অনুমতি নিতে হবে। এই নিয়ম ভঙ্গকে সরকারি শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য করা হবে।
এছাড়া সরকারি ই-মেইল বা সরকারি মোবাইল নম্বর ব্যবহার করে ব্যক্তিগত সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট খোলা বা পরিচালনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ভুয়া পরিচয়, ছদ্মনাম বা গোপন অ্যাকাউন্ট ব্যবহার করে কোনো ধরনের পোস্ট করাও কঠোরভাবে নিষিদ্ধ।
অফিসের ভেতরে ছবি, ভিডিও তোলা বা সেখান থেকে রিল কিংবা লাইভ করা পুরোপুরি বন্ধ করা হয়েছে। এই ধরনের কার্যকলাপ ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
নতুন নির্দেশিকায় আরও বলা হয়েছে, কোনো সরকারি কর্মী রাজনৈতিক দল, সংবাদমাধ্যম বা কোনো ব্যক্তির পক্ষে বা বিপক্ষে প্রকাশ্যে মতামত দিতে পারবেন না। ধর্ম, জাতি বা সংবেদনশীল বিষয়ে উসকানিমূলক পোস্ট করাও নিষিদ্ধ।
শুধু সামাজিক মাধ্যম নয়, সরকারি কর্মীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ নিয়েও নতুন নিয়ম আনা হয়েছে। এখন থেকে কর্মীরা চাকরি জীবনে মাত্র একবারই পরীক্ষায় বসতে পারবেন এবং তার জন্য বাধ্যতামূলক অনুমতি নিতে হবে।
এই নির্দেশিকা কার্যকর হওয়ার পর রাজ্যের বিভিন্ন দপ্তরে সতর্কতা বেড়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, এখন থেকে সরকারি কর্মীরা ডিজিটাল আচরণে আরও সাবধানতা অবলম্বন করছেন।
