
বিধানসভা নির্বাচনের আগে গণনা কেন্দ্রের সংখ্যা নিয়ে একাধিক দফায় পরিবর্তনের পর অবশেষে চূড়ান্ত রূপরেখা তৈরি হল। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০২৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে মোট ৮৭টি গণনা কেন্দ্র থেকে।
প্রথমে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে ১৬৫টি গণনা কেন্দ্রের প্রস্তাব পাঠানো হয়েছিল। পরে তা পর্যালোচনা করে সংখ্যা কমিয়ে ১৫০ করা হয়। এরপর নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকার ভিত্তিতে আরও এক দফা সংশোধনের পর সংখ্যাটি দাঁড়ায় ১১২-এ। শেষ পর্যন্ত সব দিক বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্তে গণনা কেন্দ্রের সংখ্যা ৮৭-এ নির্ধারিত হয়েছে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, এই ৮৭টি কেন্দ্র থেকেই রাজ্যের মোট ২৯৪টি বিধানসভা আসনের ফল ঘোষণা করা হবে। প্রশাসনিক সূত্রে আরও জানা গেছে, নিরাপত্তা ব্যবস্থা, পরিকাঠামো, যোগাযোগ সুবিধা এবং গণনা প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখার বিষয়গুলিকে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে সংশ্লিষ্ট সমস্ত নথি নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে। এখন শুধুমাত্র কমিশনের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। সেই অনুমোদন মিললেই রাজ্য জুড়ে এই ৮৭টি গণনা কেন্দ্র প্রস্তুত হবে ভোট গণনার জন্য।
নির্বাচন প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলির একটি হল গণনা পর্ব। তাই প্রতিটি কেন্দ্রে কড়া নিরাপত্তা, নজরদারি এবং প্রশাসনিক প্রস্তুতিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।
ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই প্রশাসনিক প্রস্তুতি জোরদার হচ্ছে। গণনা কেন্দ্র নির্ধারণের এই চূড়ান্ত সিদ্ধান্তে স্পষ্ট, এবার ফল ঘোষণার প্রক্রিয়াকে আরও সুসংগঠিত ও নিয়ন্ত্রিত কাঠামোয় আনার চেষ্টা করছে নির্বাচন কমিশন।
