বাসন্তীর ভরতগড় গ্রাম পঞ্চায়েতের গরানবোস গ্রামের ১৬৩ নম্বর আইসিডিএস কেন্দ্রের ভগ্নপ্রায় অবস্থা বৃহস্পতিবার বড় বিপর্যয় ঘটাল। কেন্দ্রে চলাকালীন অ্যাসবেসটাসের ছাদ ভেঙে পড়ে আহত হয়েছে ৪টি শিশু। গুরুতর আহত অবস্থায় তাদের বাসন্তী ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, কেন্দ্রের অবস্থা দীর্ঘদিন ধরেই অত্যন্ত শোচনীয়। ভাঙা ঘরে শিশুদের পড়াশোনা ও রান্না চলত। পাশাপাশি, রাতে সেখানে মদের আসর বসত। কোনো জলের কল বা শৌচালয় নেই, এমনকী বাসনপত্র কেনার জন্যও কোনো সরকারি বরাদ্দ নেই। রান্নার অতিরিক্ত সামগ্রী বিক্রি করে বাসন কিনতে বাধ্য হয়েছেন স্থানীয়রা।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অনামিকা গুছাইত জানান, “বহুবার কর্তৃপক্ষকে জানিয়েও কেন্দ্রের সংস্কার করা সম্ভব হয়নি। দুর্ঘটনার দিন আহত শিশুদের অ্যাম্বুল্যান্স ডাকা হলেও সেটি আসেনি। শেষে টোটো করে তাদের হাসপাতালে নিয়ে যেতে হয়।”
বাসন্তীর বিডিও সঞ্জীব সরকার বলেন, “ঘটনার খবর পেয়ে জয়েন্ট বিডিওকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আহত শিশুদের চিকিৎসা চলছে। কীভাবে এমন ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
স্থানীয় বিধায়ক শ্যামল মণ্ডল এই দুর্ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন এবং বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন মহলে জানিয়েছেন।
এই ঘটনায় বাসন্তীর মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। সরকারি অবহেলা এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভগ্নদশার প্রতি দীর্ঘদিনের অভিযোগ আবারও সামনে এসেছে।
