
কলকাতার ভবানীপুর বিধানসভা এলাকায় ভোট পরিদর্শনে গিয়ে ফের উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বুধবার দুপুরে কালীঘাট চত্বরে পৌঁছাতেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী-সমর্থকদের একাংশ বিক্ষোভ দেখান বলে অভিযোগ। ওই সময় এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান ওঠে এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে পড়ে।
অভিযোগ, ভবানীপুরের মুক্তদল মোড় এলাকায় শুভেন্দু অধিকারীর কনভয় পৌঁছোতেই বিক্ষোভ শুরু হয়। সেখানে তাঁকে লক্ষ্য করে ‘চোর-চোর’ স্লোগানও দেওয়া হয়। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে তিনি গাড়ি থেকে নেমে ঘটনাস্থলে এগিয়ে যান।
এরপর ফের গাড়িতে ফিরে শুভেন্দু অধিকারী ফোন করে কেন্দ্রীয় বাহিনীকে দ্রুত ঘটনাস্থলে আসার অনুরোধ জানান। কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জও করা হয়।
ঘটনার পর শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, এলাকায় পরিকল্পিতভাবে ‘বহিরাগত’ ঢোকানো হয়েছে এবং তাঁকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। তিনি দাবি করেন, “ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা চলছে।”
অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের পাল্টা দাবি, শুভেন্দু অধিকারী এলাকায় গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন, আর সেই কারণেই স্বতঃস্ফূর্ত বিক্ষোভ হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে ভবানীপুর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে, তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
