রাশিয়ার তেলের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতের জ্বালানি তেলের চাহিদা ও দামে কোনো প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের চেয়ারম্যান অরবিন্দর সিং সাহানি। ড্যাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফাঁকে তিনি পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে জানান, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৭৫ থেকে ৮০ ডলারের মধ্যেই স্থিতিশীল থাকবে।
মার্কিন প্রশাসন সম্প্রতি রাশিয়ার তেল উৎপাদক সংস্থা গ্যাজপ্রম ও সারগুতনেফতেগ্যাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। তেলের পরিবহনকারী ১৮৩টি জাহাজের ওপরও এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা রাশিয়ার তেল রপ্তানিতে বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হলেও, ভারতীয় তেলের সরবরাহে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন সাহানি।
ইউক্রেন যুদ্ধের পর থেকেই রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল আমদানি করে ভারত। রাশিয়ার তেল ওপেক দেশগুলির তুলনায় অনেক সস্তা হওয়ায়, ভারত গত দুই অর্থবর্ষে প্রায় ২৫ বিলিয়ন ডলার সাশ্রয় করতে পেরেছে। ২০২২-২৩ অর্থবর্ষে ভারত রাশিয়া থেকে ১৫৭.৫ বিলিয়ন ডলারের তেল আমদানি করেছিল, যা ২০২৩-২৪ সালে ১৩২.৪ বিলিয়ন ডলারে নেমে এলেও তেলের দাম কম থাকায় আরও সাশ্রয় সম্ভব হয়েছে।
সাহানি আরও বলেন, রাশিয়া থেকে তেল সরবরাহে কোনো বাধা এলেও বিকল্প উৎস থেকে তেল সংগ্রহে সক্ষম ভারত। রাশিয়া থেকে পরিশোধিত তেল ইউরোপ ও আমেরিকার বাজারেও পৌঁছাচ্ছে। ফলে মার্কিন নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতেও ভারতের অভ্যন্তরীণ তেলের বাজারে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
