প্রেমের সপ্তাহে একের পর এক স্পেশাল দিন পার করে এসে হাজির টেডি ডে। প্রেমিক-প্রেমিকাদের কাছে আদরের নিদর্শন হিসেবে টেডির তুলনা নেই। কিন্তু জানেন কি, এই নরম তুলতুলে খেলনাই আপনার বা আপনার সঙ্গীর বিপদ ডেকে আনতে পারে? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, টেডির ফারের সংস্পর্শে এলেই হতে পারে ত্বকের চুলকানি, র্যাশ, এমনকি শ্বাসকষ্টও!
ডার্মাটোলজিস্ট ডা. মধুসূদন পালের মতে, অধিকাংশ টেডি সিন্থেটিক ফাইবার, ফার ও পলিয়েস্টার ফেব্রিক দিয়ে তৈরি হয়। সংবেদনশীল ত্বকের ব্যক্তিদের ক্ষেত্রে টেডির ফার ত্বকে অ্যালার্জি সৃষ্টি করতে পারে। ফলে ত্বকে চুলকানি, লালচে দাগ, র্যাশ বা জ্বালাভাব দেখা দিতে পারে। এমনকি নাকে-মুখে এই ফাইবার প্রবেশ করলে তা শ্বাসনালী ও ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করতে পারে, যার ফলে কাশি বা শ্বাসকষ্টের সমস্যা হতে পারে।
তবে এই বিপদ এড়ানোর উপায় কী? বিশেষজ্ঞদের মতে, যাদের ত্বক খুব সেনসিটিভ, তাদের টেডির সংস্পর্শ এড়িয়ে চলাই ভালো। যদি ত্বকে সমস্যা দেখা দেয়, তাহলে প্রথমেই আক্রান্ত স্থান ভালো করে ধুয়ে ক্যালামাইন লোশন লাগানো উচিত। এতে চুলকানির সমস্যা কিছুটা কমবে। প্রয়োজনে অ্যান্টি-অ্যালার্জিক ওষুধ খাওয়া যেতে পারে। আরও বেশি সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্রপিকাল স্টেরয়েড ব্যবহার করা যেতে পারে।
প্রিয়জনকে উপহার দেওয়ার আগে একবার ভাবুন, ভালোবাসার নিদর্শন যেন তার স্বাস্থ্যের ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়!
