মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভ মেলাকে “মৃত্যুকুম্ভ” বলে অভিহিত করার পরই কড়া প্রতিক্রিয়া দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ৫৬ কোটি মানুষের বিশ্বাস নিয়ে খেলছেন। মহাকুম্ভ ভারতের সংস্কৃতি ও সনাতন ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। এটা অপমান করা মানে সনাতন ধর্মের ওপর আঘাত হানা।”
মহাকুম্ভে পদপিষ্ট হয়ে ৩০ জনের মৃত্যু এবং পথে দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনায় সমবেদনা জানিয়ে যোগী আদিত্যনাথ বলেন, “আমরা নিহতদের পরিবারের পাশে আছি, যথাসম্ভব সাহায্য করব। কিন্তু মহাকুম্ভের বিরোধিতা করা, একে মৃত্যুকুম্ভ বলা, এটা মিথ্যা প্রচার ছাড়া কিছু নয়।”
বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করে যোগী বলেন, “এই ঐতিহ্য হাজার বছর ধরে চলে আসছে। কুম্ভ ভারতের আধ্যাত্মিকতা ও ঐক্যের প্রতীক। অথচ কিছু মানুষ একে কলঙ্কিত করার চেষ্টা করছে। যারা এটি নিয়ে মিথ্যা ভিডিও ছড়াচ্ছে, তারা আসলে সনাতন ধর্ম ও দেশের সংস্কৃতির বিরোধিতা করছে।”
যোগীর সঙ্গে একই সুরে কথা বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানও। তিনি বলেন, “সনাতন ধর্মের অবমাননা করা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বভাব হয়ে গেছে। ভারতীয় সংস্কৃতি হাজার বছরের ঐতিহ্য বহন করে আসছে, যা কারও মন্তব্যে নষ্ট হবে না।”
মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর থেকেই বিজেপি নেতারা পাল্টা আক্রমণ শুরু করেছেন। উত্তরপ্রদেশ বিধানসভাতেও এই ইস্যু নিয়ে চর্চা চলছে। মহাকুম্ভকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিতর্ক কীভাবে রাজনৈতিক মোড় নেয়, তা এখন দেখার বিষয়।
