চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ শুরু হওয়ার আগেই ভারতীয় দলে অস্বস্তির খবর। টাইমস নাও-এর এক রিপোর্ট অনুযায়ী, ভারতের বর্তমান উইকেটকিপার ব্যাটারের সঙ্গে হেড কোচ গৌতম গম্ভীরের সম্পর্ক ভালো নয়। যদিও ওই রিপোর্টে সরাসরি নাম উল্লেখ নেই, তবে ইঙ্গিত স্পষ্ট—ঋষভ পন্থই সেই ক্রিকেটার, যিনি গম্ভীরের পরিকল্পনায় নেই।
এই পরিস্থিতিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে লোকেশ রাহুলকেই উইকেটকিপারের ভূমিকায় দেখা যেতে পারে। রাহুল সম্প্রতি ৫০ ওভারের ফর্ম্যাটে ভালো পারফর্ম করেছেন, বিশেষ করে ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে। যদিও সাম্প্রতিক সিরিজে তার পারফরম্যান্স আহামরি কিছু ছিল না, তবুও কোচ গম্ভীরের সমর্থন পাচ্ছেন তিনি।
ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজেও পন্থকে একটিও ম্যাচে সুযোগ দেওয়া হয়নি। গম্ভীর স্পষ্টভাবেই বলেছিলেন, “এই মুহূর্তে রাহুল আমাদের এক নম্বর কিপার-ব্যাটার। ঋষভ স্কোয়াডে আছে, ওরও সুযোগ আসবে, কিন্তু একসঙ্গে দুজনকে খেলানো সম্ভব নয়।”
গম্ভীরের এমন অবস্থানের পর প্রশ্ন উঠেছে, পন্থ কি সত্যিই তার পরিকল্পনার বাইরে? নাকি কেবল কৌশলগত সিদ্ধান্ত? চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই হয়তো মিলবে জবাব!
