নয়াদিল্লিতে আয়োজিত ৯৮তম অখিল ভারতীয় মারাঠি সাহিত্য সম্মেলনে এক বিরল দৃশ্যের সাক্ষী হল রাজনীতির মহল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে চেয়ার এগিয়ে দিলেন বর্ষীয়ান রাজনীতিক শরদ পাওয়ারের জন্য। শুধু তাই নয়, পাওয়ারকে বসতে সাহায্য করলেন এবং তাঁর জন্য জলও এগিয়ে দিলেন।
সাধারণত শাসক-বিরোধী দ্বন্দ্ব রাজনীতির মঞ্চে প্রতিনিয়ত উঠে আসে। বিশেষ করে, এনসিপি প্রধান শরদ পাওয়ার বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র অন্যতম নেতা, যা এনডিএর বিরুদ্ধে লড়ছে। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর এমন সৌজন্য মনোভাব নতুন বার্তা বহন করছে।
এই সম্মেলনের উদ্বোধনে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে মারাঠি ভাষার গৌরবের কথা তুলে ধরেন এবং বলিউডের সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘ছাভা’-র প্রশংসা করেন, যা ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনকাহিনি অবলম্বনে তৈরি।
রাজনৈতিক সৌজন্যের এই মুহূর্ত এখন চর্চার কেন্দ্রে। শরদ পাওয়ার ও মোদীর এই দৃশ্য নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়েও শুরু হয়েছে আলোচনা।
