লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ঘটল অবিশ্বাস্য এক ঘটনা। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের পরিবর্তে কিছুক্ষণ বাজানো হলো ভারতের জাতীয় সঙ্গীত! ঘটনাটি মুহূর্তে ছড়িয়ে পড়ে স্টেডিয়ামজুড়ে, অবাক হয়ে যান ক্রিকেটার ও দর্শকরা।
চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এটি, যেখানে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ম্যাচ শুরুর ঠিক আগের মুহূর্তে জাতীয় সঙ্গীত বাজানোর সময় ঘটে এই বিভ্রাট। অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত চালানোর বদলে কয়েক সেকেন্ড বাজানো হয় ভারতের জাতীয় সঙ্গীত। ফলে হতবাক হয়ে যান উপস্থিত সবাই।
অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা বিভ্রান্ত হয়ে পড়েন, দর্শকদের মধ্যেও শুরু হয় শোরগোল। স্টেডিয়ামে উপস্থিত পাকিস্তানি দর্শকরাও এই ঘটনায় উত্তেজিত হয়ে পড়েন। কয়েক সেকেন্ডের মধ্যে ভুল বুঝতে পেরে দ্রুত ভারতের জাতীয় সঙ্গীত বন্ধ করা হয় এবং পরে ঠিকঠাক অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত বাজানো হয়।
এই ঘটনাকে ঘিরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) ও চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজকদের বিরুদ্ধে শুরু হয়েছে সমালোচনা। এমনিতেই ভারতের জাতীয় পতাকা নিয়ে বিতর্কের মুখে পড়েছে পিসিবি। তার ওপর জাতীয় সঙ্গীতের এই বিভ্রাটে আরও চাপে পড়েছে তারা।
ভারতের জাতীয় সঙ্গীত বাজানোর এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় উঠেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, এটি নিছক ভুল, নাকি ইচ্ছাকৃত কোন ঘটনা? পিসিবির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে এই বিভ্রান্তির জন্য দায়ী কারিগরি টিমের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সূত্রের খবর।
এমন পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর লক্ষ্যে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ হলেও একের পর এক বিতর্কে পিসিবির ওপর চাপ ক্রমশ বাড়ছে।
