মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই দুটো প্রধান লক্ষ্যকে সামনে রেখেছেন। প্রথমটি হল সরকারের বাড়তি খরচ কমানো আর বিভিন্ন ক্ষেত্রে বড় রকমের শুল্ক চাপিয়ে কোষাগারের আয় বাড়ানো। তাই ক্ষমতায় আসার পরেই এলন মাস্কের নেতৃত্বে ‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ নামে একটি নয়া দপ্তর খোলার নির্দেশ দেন ট্রাম্প। সরকারি খরচ কমানোর জন্য সেই দপ্তর বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করার নিদান দিয়েছে। কিন্তু বৃহস্পতিবার এক মার্কিন আদালত কর্মীদের গণহারে কাজ থেকে বরখাস্ত করার নির্দেশ দেওয়ার সিদ্ধান্তে সাময়িক ভাবে স্থগিতাদেশ দিয়েছে। ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট জজ উইলিয়াম আলসুপ জানিয়েছেন, কোনো কর্মচারীকে চাকরিচ্যুত করতে ফেডারেল এজেন্সিগুলোকে নির্দেশ দেওয়ার ক্ষমতা অফিস অব পার্সোনেল ম্যানেজমেন্টের (ওপিএম) নেই। এমনকি প্রবেশনারি কর্মচারীদের চাকরিচ্যুত করতেও ওপিএম নির্দেশ দিতে পারে না বলে বলে মত দিয়েছেন বিচারক।
বৃহস্পতিবারের রায় এসেছে ইউনিয়ন এবং অ্যাডভোকেসি গ্রুপগুলোর মামলার পর। এই মামলায় দাবি করা হয় যে ফেডারেল এজেন্সিগুলোকে সব প্রবেশনারি কর্মচারীকে বরখাস্ত করার আদেশ দেওয়া অবৈধ ছিল। কোনো ফেডারেল কর্মচারী চাকরির প্রথম বা দ্বিতীয় বছরে থাকলে তাকে প্রবেশনারি হিসেবে বিবেচনা করা হয়। এমনকি যদি তারা নিম্ন পদ থেকে পদোন্নতি পেয়ে থাকেন তবুও। মামলায় বলা হয় এই আদেশে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এক সপ্তাহের কাজের হিসাব দু’দিনের মধ্যে জমা দিতে হবে এমন নির্দেশ দিয়ে সম্প্রতি আমেরিকার সরকারি কর্মীদের কাছে ইমেল গিয়েছিল। তা করতে না-পারলে ওই কর্মী ইস্তফা দিয়েছেন বলে ধরে নেওয়া হবে। এই নির্দেশ নিয়ে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল আমেরিকার হাজার হাজার সরকারি কর্মচারীর মধ্যে।
মামলাকারীদের আইনি দল বলেছে, ওপিএম-এর অন্য ফেডারেল এজেন্সিগুলোকে কর্মচারী বরখাস্তের আদেশ দেওয়ার সাংবিধানিক, আইনগত বা নিয়ন্ত্রণমূলক কোনো ক্ষমতা নেই, যাদের নিয়োগ ও পরিচালনার কর্তৃত্ব কংগ্রেস সেই এজেন্সিগুলোকে দিয়েছে। আদালতের এই রায় ট্রাম্পের সরকারকে নিয়ন্ত্রণে আনার চেষ্টার সর্বশেষ আইনি ধাক্কা।
কয়েক দিন আগেই ট্রাম্পের শরণার্থী ইস্যুতে আদালতের নিষেধাজ্ঞা আসে। কয়েক সপ্তাহ আগে ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্বের সাংবিধানিক গ্যারান্টি বাতিল করার তার নির্বাহী আদেশও স্থগিত করে দিয়েছিল আদালত।এবার আদালত জানিয়েছে যে আমেরিকার সরকারি কর্মীদের নিয়োগ এবং ছাঁটাইয়ের অধিকার রয়েছে কেবল সংশ্লিষ্ট দফতরের প্রধানদের। কারণ মার্কিন কংগ্রেস কেবল দফতরগুলির হাতেই এই অধিকার সীমাবদ্ধ রেখেছে।
Leave a comment
Leave a comment
