মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্ক বৃদ্ধি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া জানাল চিন, কানাডা ও মেক্সিকো। মঙ্গলবার থেকে কানাডা ও চিন পাল্টা শুল্ক আরোপের ঘোষণা করেছে।কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন যে, আমেরিকার এই শুল্কের কোনও যৌক্তিকতা নেই এবং এর ফলে আমেরিকানরা বেশি দামে পণ্য কিনতে বাধ্য হবে। এর পাল্টা কানাডা ২৫% শুল্ক আরোপ করতে চলেছে, যার প্রাথমিক ধাক্কা ৩০ বিলিয়ন কানাডিয়ান ডলারের পণ্যের ওপর পড়বে এবং ২১ দিনের মধ্যে ১৫৫ বিলিয়ন ডলারের পণ্যে সম্প্রসারিত হবে।
ট্রাম্পের ট্যাক্স নীতির বিরুদ্ধে চিন ১০-১৫% শুল্ক বৃদ্ধি করেছে, যার আওতায় পড়েছে মার্কিন কৃষিপণ্য ও খাদ্যসামগ্রী। ২৫টি মার্কিন কোম্পানির ওপরও রপ্তানি ও বিনিয়োগ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চিন জানিয়েছে ১০ই মার্চ থেকে আমেরিকার মুরগি, গম, ভুট্টা, তুলা, সয়াবিন, শুকরের মাংস, শাকসবজি, দুগ্ধজাত পণ্যসহ বিভিন্ন পণ্যে অতিরিক্ত শুল্ক বসবে।মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম বলেছেন, তারা ইতিমধ্যে বিকল্প পরিকল্পনা তৈরি রেখেছেন। মঙ্গলবারের সংবাদ সম্মেলনে সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, মেক্সিকো ও কানাডা থেকে আমদানিকৃত পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক মঙ্গলবার থেকে কার্যকর হবে। অবৈধ সীমান্ত পারাপার এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ফেন্টানিল সরবরাহের বিষয়ে ৩০ দিনের বিরতির মেয়াদ শেষ হওয়ার পর এই শুল্ক কার্যকর হবে। এছাড়াও, ট্রাম্প চিনের উপর আরোপিত শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার ঘোষণা করেন।
ট্রাম্পের শুল্কনীতি ও সমালোচনাও কম হচ্ছে না।এই সিদ্ধান্তের জেরে বিশ্ববাজারে চড়া প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে।অনেক অর্থনীতিবিদ ইতিমধ্যেই বলেছেন, ট্রাম্পের শুল্ক আরোপের এই সিদ্ধান্তে মুদ্রাস্ফীতি বাড়াবে।এমন মত জানিয়েছেন অর্থনীতিতে নোবেলজয়ী জোসেফ স্টিগলিৎজ। ট্রাম্পের ট্যাক্স নীতি অর্থনৈতিক বৃদ্ধি কমিয়ে দেবে। অনেকে মনে করছেন, শুল্কের প্রভাব আমেরিকা তো বটেই, বিশ্বের জন্যও খুব খারাপ হবে। পাল্টা ব্যবস্থা আসার আশঙ্কাও ছিল।অন্যদিকে চিনের রাষ্ট্রীয় সংবাদপত্র গ্লোবাল টাইমস বলেছে যে বেইজিং প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিয়েছে, যা সম্ভবত মার্কিন কৃষি ও খাদ্য পণ্যকে লক্ষ্য করবে।সেই আশঙ্কাই সত্যি হল। বিশ্ববিখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট ট্রাম্পের এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, “শুল্ক হল এক ধরনের অর্থনৈতিক যুদ্ধ এবং এটি দীর্ঘমেয়াদে ভোক্তাদের ওপর করের বোঝা তৈরি করবে।”
Leave a comment
Leave a comment
