দিয়েগো মারাদোনার মৃত্যুকে ঘিরে ফের নতুন মোড়। আর্জেন্টিনার ফুটবল মহাতারকার প্রয়াণের পর থেকেই চিকিৎসকদের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। দীর্ঘদিন ধরে এই বিষয়টি বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল, আর এবার নতুন করে আলোচনার ঝড় উঠেছে। দিয়েগো মারাদোনার মৃত্যুকে ঘিরে বিতর্ক আরও গভীর করলেন পুলিশ কর্তা লুকাস ফারিয়াস। শুনানিতে তিনি জানান, অস্ত্রোপচারের পর যে বাড়িতে মারাদোনা ছিলেন, সেখানে তাঁর চিকিৎসার জন্য প্রয়োজনীয় কোনও আধুনিক চিকিৎসা সরঞ্জামই ছিল না।
ফুটবল বিশ্বে কিংবদন্তির মর্যাদা পাওয়া দিয়েগো মারাদোনা হৃদ্রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ২০২০ সালের ২৫ নভেম্বর। তাঁর অকালপ্রয়াণে শোকের ছায়া নেমে এলেও, মৃত্যুর পর থেকেই চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠতে শুরু করে।
মারাদোনার পরিবার দাবি করেছিল, তাঁর যথাযথ চিকিৎসা হয়নি এবং গুরুতর গাফিলতির কারণে এই মর্মান্তিক পরিণতি হয়েছে। মারাদোনার পরিবারের পক্ষ থেকে সরাসরি অভিযোগ তোলা হয়েছে যে, তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা ব্যক্তিগত চিকিৎসক লিয়োপোল্দো লিউক, ফিজিওথেরাপিস্ট অগস্তিনা কোসাকভ, চিকিৎসক কার্লোস দিয়াস এবং আরও দুই নার্স চিকিৎসায় গাফিলতি করেছেন। তাঁদের অবহেলার কারণেই কিংবদন্তি ফুটবলারের মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের।
এই ঘটনায় মোট আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বর্তমানে তাঁদের মধ্যে সাতজনের বিচার চলছে বুয়েনস আইরেসের সান ইসিদরো আদালতে।
দিয়েগো মারাদোনার মৃত্যুর পর ঘটনাস্থলে প্রথম পৌঁছনো ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন আর্জেন্টিনার পুলিশ কর্তা লুকাস ফারিয়াস। আদালতে সাক্ষ্য দিতে গিয়ে তিনি জানান, যেখানে কিংবদন্তি ফুটবলার শেষ মুহূর্ত কাটাচ্ছিলেন, সেই পরিবেশ চিকিৎসার দিক থেকে মোটেই উপযুক্ত ছিল না।
ফারিয়াস বলেন, মারাদোনার জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের কোনো ব্যবস্থাই সেখানে ছিল না, যা দেখে তিনি বিস্মিত হন। তিনি আরও জানান, মারাদোনার মুখের অভিব্যক্তি ও দেহভঙ্গি দেখে বোঝা যাচ্ছিল, তিনি গুরুতর শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। ধীরে ধীরে তাঁর অবস্থা জটিল হতে থাকে এবং শেষ পর্যন্ত সেটাই তাঁর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এমন পরিস্থিতিতে সাজা হিসেবে তাঁদের কারাগারে ৮ থেকে ২৫ বছর পর্যন্ত কাটাতে হতে পারে যদি অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগগুলি প্রমাণিত হয়, তবে তাঁদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে এমনটি জানিয়েছেন আদালত ।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
