দেশের উচ্চগতির আধুনিক ট্রেনগুলোর মধ্যে অন্যতম বন্দে ভারত, যা পরিষেবার মানের দিক থেকে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। আরামদায়ক যাত্রার অভিজ্ঞতা দেওয়ার কারণে এটি বহু যাত্রীর কাছে পছন্দের হয়ে উঠেছে। বন্দে ভারত ট্রেনের যাত্রা আরামদায়ক হলেও তুলনামূলকভাবে বেশি ভাড়ার কারণে অনেকের পক্ষেই এতে চড়া সম্ভব হয়ে ওঠে না। ফলে ইচ্ছা থাকলেও অনেক যাত্রী এই ট্রেনের সুবিধা নিতে পারেন না। বর্তমানে দেশের বিভিন্ন রুটে বন্দে ভারতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়লেও যাত্রীদের কৌতূহল—এই ট্রেনের ভাড়া কি কমতে পারে? সম্প্রতি সংসদে এই প্রসঙ্গেই প্রশ্ন তোলেন এক সাংসদ।
অসমের ধুবড়ি লোকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ রকিবুল হুসেন সংসদে প্রশ্ন তোলেন, বন্দে ভারত ট্রেনের ভাড়া কমানোর বিষয়ে কি সরকার কোনো পরিকল্পনা করছে? যাতে নিম্ন ও মধ্যবিত্ত যাত্রীরাও সহজেই এই আধুনিক ট্রেনে যাতায়াত করতে পারেন।
এর জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ট্রেনের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করা হয়। ট্রেন পরিচালনার খরচ, যাত্রীসংখ্যার চাপ এবং দেশের সামগ্রিক আর্থ-সামাজিক অবস্থা বিশ্লেষণ করেই ভাড়ার হার নির্ধারিত হয়।
রেলমন্ত্রী জানিয়েছেন, ভারতীয় রেল যাত্রীদের ভিন্ন চাহিদা ও আর্থিক সামর্থ্যের কথা ভেবে বিভিন্ন ধরনের ট্রেন চালু করেছে। বন্দে ভারতের ক্ষেত্রেও ভাড়ার কাঠামো নির্ধারণ ও পর্যালোচনার প্রক্রিয়া চালু রয়েছে, এবং ভবিষ্যতে পরিস্থিতি অনুযায়ী তা পুনর্মূল্যায়ন করা হতে পারে।
কম খরচে যাত্রীদের যাতায়াতের সুযোগ বাড়াতে কেন্দ্রীয় সরকার নতুন ‘অমৃত ভারত’ ট্রেন চালু করছে, যা সম্পূর্ণ নন-এসি হবে। এই ট্রেনের মূল লক্ষ্য নিম্ন ও মধ্যবিত্ত যাত্রীদের আরামদায়ক সফরের সুযোগ করে দেওয়া। এতে থাকছে ১২টি স্লিপার কোচ এবং ৮টি সাধারণ কোচ, যা বিশেষভাবে আর্থিকভাবে দুর্বল শ্রেণির মানুষের কথা ভেবেই তৈরি করা হয়েছে।
রেলমন্ত্রী জানিয়েছেন, যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এসব ট্রেনে বেশ কিছু আধুনিক সুবিধা সংযোজন করা হয়েছে, যাতে কম খরচেই আরামদায়ক ভ্রমণ সম্ভব হয়।
ভারতে ট্রেন ভাড়ার তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরে রেলমন্ত্রী জানান, এখানে সাধারণ শ্রেণির যাত্রীরা ৩৫০ কিলোমিটার পথ অতিক্রম করতে মাত্র ১২১ টাকা খরচ করেন। অথচ পাকিস্তানে একই দূরত্বের জন্য একজন যাত্রীর প্রায় ৪০০ টাকা এবং শ্রীলঙ্কায় ৪১৩ টাকা ব্যয় হয়।
এই তথ্য তুলে ধরে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর তুলনায় ভারতীয় রেল পরিষেবার ভাড়া এখনও অনেকটাই কম, যা সাধারণ মানুষের নাগালের মধ্যেই রয়েছে।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
