শনিবার কলকাতার ইডেন গার্ডেনে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শুরু হল আইপিএল ২০২৫। সঙ্গীতের মোহময়ী পরিবেশনায় মঞ্চে উঠেছিলেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। তবে এই অনুষ্ঠান ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। বাংলার বুকে দাঁড়িয়ে, হাজার হাজার বাঙালি দর্শকের সামনে থেকেও শ্রেয়া ঘোষাল গাইলেন না একটিও বাংলা গান!
নেটমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। সমালোচকরা বলছেন, বাংলার এক গর্বিত কন্যা হয়ে বাংলার ঐতিহ্যকে সেলিব্রেট না করা অনভিপ্রেত। এমনকি অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীও এই বিষয়ে আক্ষেপ প্রকাশ করেছেন। একটি অনুষ্ঠানে তিনি বলেন, “শ্রেয়া বাঙালি মেয়ে। বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলা গান না গাওয়া বেদনার বিষয়। এতগুলো গানের টুকরো গাইলেন, তার মধ্যে এক কলিও বাংলা পেলাম না।”
গতবার অরিজিৎ সিংয়ের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছিলেন সকলে। তার গানেই মিশে ছিল বাংলার স্বাদ। এবারের অনুষ্ঠানে শ্রেয়া ঘোষালকে ঘিরে প্রত্যাশাও ছিল তেমনই। তবে তাঁর গানের তালিকায় বাংলা ভাষা স্থান না পাওয়ায় অনেকে ক্ষুব্ধ। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠেছে, “বাঙালি হয়ে যদি বাংলার মাটিতে বাংলা গান না গাওয়া হয়, তাহলে কবে হবে?”
এমনকি, বাংলায় হিন্দি গানের প্রাধান্য নিয়েও বহুদিন ধরে বিতর্ক চলছে। বাংলা ভাষার প্রতি এই অবহেলা নিয়ে ইন্ডাস্ট্রির ভেতরেও দ্বন্দ্ব বিদ্যমান। বাংলা সংস্কৃতির প্রতি অবজ্ঞা কি ক্রমশ বাড়ছে? না কি গ্লোবালাইজেশনের চাপে হারিয়ে যাচ্ছে নিজের ভাষার প্রতি ভালবাসা?
এই বিতর্কের মাঝে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি শ্রেয়া ঘোষাল। তবে তার ভক্তরা বিষয়টিকে অতিরঞ্জিত না করার পরামর্শ দিয়েছেন। তাদের মতে, শিল্পীর সৃষ্টিকে ভাষার গণ্ডিতে আবদ্ধ করা উচিত নয়। তবুও, বাংলার বুকে বাংলা ভাষার প্রতি এই অবহেলা নিয়ে বিতর্ক চলছেই। এখন দেখার, এই আলোচনা কোথায় গিয়ে শেষ হয়।
