সুদীপ্ত চট্টোপাধ্যায়
রাজ্য রাজ্যপাল সংঘাতের ইঙ্গিত। ২০২২ সালে রাজ্য বিধানসভায় গৃহীত হওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত একটি বিল বিবেচনার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। বিবেচনা করার জন্য রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর কাছে বিলটি পাঠিয়েছেন বলে রাজভবন সূত্রে জানানো হয়েছে। ‘পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন ২০২২’ শীর্ষক ওই বিলে প্রস্তাব আনা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির ভিজিটর পদ থেকে রাজ্যপালকে সরিয়ে সেই পদে শিক্ষামন্ত্রীকে বসানো হবে। বিলটি এতদিন রাজ্যপালের বিবেচনাধীন ছিল। তবে বিলটিতে অনুমোদন না দিয়ে সম্প্রতি তা রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন রাজ্যপাল বলে রাজভবনের সচিবালয় সুত্রে জানানো হয়েছে। এই প্রথম নয় এর আগেও রাজ্য রাজভবন টানাপোড়েনে হাওড়া পুর নিগমের সঙ্গে বালি পুরসভাকে সংযুক্ত করার বিলটি রাষ্ট্রপতির অনুমোদনের জন্য রাইসিনা হিলসে পাঠানো হয়েছিল। দীর্ঘদিন ধরে সেই বিলটি রাইসিনায় পড়ে থাকায় পরবর্তীকালে সিদ্ধান্ত বদল করে রাজ্যই। রাজ্য নির্বাচন কমিশনের মাধ্যমে ডিলিমিটেশন করিয়ে হাওড়া পুরনিগমের চারটি ওয়ার্ড বাড়ানো হয় এবং বালি পুরসভা এলাকাকে আলাদাভাবে রেখেই হাওড়া পুরনিগমের মোট পঞ্চাশটি ওয়ার্ডে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা জানায় রাজ্য পুর দফতর। যদিও হাওড়া পুর নির্বাচনের বিষয়টি হাইকোর্টের বিবেচনাধীন থাকায় এনিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি রাজ্য নির্বাচন কমিশন।
রাজভবন সূত্রে আরও জানানো হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানোর পাশাপাশি রাজ্যপাল সিভি আনন্দ বোস সম্প্রতি রাজ্য বিধানসভায় গৃহীত হওয়া তিনটি বিলকে সম্মতি দিয়েছেন। সাম্প্রতিক বাজেট অধিবেশনে পাশ হওয়া এফআরবিএম বিল এবং দুটি ফিনান্স অ্যাপ্রোপিয়েশন বিল রাজ্যপাল অনুমোদন দিয়েছেন বলে রাজভবন সূত্রে জানানো হয়েছে।
