পারফেকশনিস্ট আমির খান এবার নতুন মিশনে! অভিনয়ের ময়দান কাঁপিয়ে এবার তিনি পা রাখলেন ইউটিউব দুনিয়ায়। সদ্য ৬০-এ পা দেওয়া এই সুপারস্টার খুললেন নিজের ইউটিউব চ্যানেল, যার নাম ‘আমির খান টকিজ’ । বলিউডপ্রেমীদের কাছে এটি যে এক বিশেষ উপহার হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।
আমির খানের প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, এই চ্যানেলে দেখা যাবে সিনেমার ক্যামেরার পিছনের নানা অজানা মুহূর্ত। দর্শকরা জানতে পারবেন একটি সিনেমা তৈরির পিছনের কঠিন পরিশ্রম, হাসি-মজা, আবেগঘন মুহূর্ত এবং সিনেমার এমন অনেক দৃশ্য যা নানা কারণে চূড়ান্ত সংস্করণে জায়গা পায়নি। বিশেষ করে সেন্সরের কাঁচির আওতায় পড়ে বাদ যাওয়া আনকাট দৃশ্যগুলো এই প্ল্যাটফর্মে তুলে ধরা হবে।
শুধু তাই নয়, দীর্ঘ কেরিয়ারে জমিয়ে রাখা বহু স্মৃতি ভাগ করে নেবেন আমির নিজেও। তাঁর জীবনের বিশেষ কিছু মুহূর্ত এবং বলিউড সফরের নানা অদেখা দিকও উঠে আসবে এই চ্যানেলের ভিডিওতে।
আমির খান বরাবরই সিনেমার প্রতি নিজের নিখুঁত দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত। ফলে, তাঁর ইউটিউব চ্যানেল নিয়েও দর্শকদের কৌতূহল এখন চরমে। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে আসবে প্রথম ভিডিও। বলিউডের অন্যতম স্তম্ভ হিসেবে আমির যে ডিজিটাল প্ল্যাটফর্মেও নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছেন, তা বলাই বাহুল্য।
এখন দেখার, এই নতুন ইনিংসেও কি তিনি দর্শকদের মন জয় করতে পারেন? সেই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা আর কিছুদিনের!
