কলকাতা: কয়েক দিনের মধ্যেই বিদেশ সফর বা পড়াশোনার পরিকল্পনা থাকলে পকেটে বাড়তি চাপ পড়তে চলেছে। আগামী ১ জুলাই থেকে দেশে কার্যকর হচ্ছে পাসপোর্টের নতুন ফি কাঠামো। প্রায় ১৪ বছর পর পাসপোর্টের আবেদন ফি সংশোধন করল কেন্দ্র। বিদেশ মন্ত্রকের সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন পাসপোর্ট, পুনর্নবীকরণ, তৎকাল (Tatkal), এমনকি হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত পাসপোর্টের পরিবর্তেও আগের তুলনায় বেশি টাকা গুনতে হবে আবেদনকারীদের।

সবচেয়ে বেশি নজর কেড়েছে সাধারণ ৩৬ পাতার পাসপোর্টের ফি বৃদ্ধি। এতদিন যেখানে প্রাপ্তবয়স্কদের জন্য এই পাসপোর্ট করতে লাগত ১,৫০০ টাকা, ১ জুলাই থেকে সেই ফি বেড়ে হচ্ছে ২,৫০০ টাকা। অর্থাৎ এক লাফে ১,০০০ টাকা বৃদ্ধি। অন্যদিকে ৬০ পাতার পাসপোর্টের আবেদন ফি ২,০০০ টাকা থেকে বেড়ে ৩,৫০০ টাকা হচ্ছে। তৎকাল পরিষেবার ক্ষেত্রেও বাড়ছে খরচ। ৩৬ পাতার পাসপোর্টে তৎকাল আবেদন ফি ৩,৫০০ টাকা থেকে ৫,০০০ টাকা, আর ৬০ পাতার ক্ষেত্রে ৪,০০০ টাকা থেকে ৬,০০০ টাকা করা হয়েছে।

শুধু নতুন পাসপোর্টই নয়, হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত পাসপোর্টের বদলি তুলতেও এবার বাড়তি খরচ হবে। নতুন নিয়মে ৩৬ পাতার বদলি পাসপোর্টের জন্য সাধারণ আবেদনে ৫,০০০ টাকা এবং তৎকালে ৭,৫০০ টাকা দিতে হবে। ৬০ পাতার বদলি পাসপোর্টের ক্ষেত্রে এই অঙ্ক যথাক্রমে ৬,০০০ ও ৮,৫০০ টাকা। অপ্রাপ্তবয়স্ক আবেদনকারীদের ক্ষেত্রেও ফি বৃদ্ধি হয়েছে, যদিও শিশুদের জন্য কিছু ক্ষেত্রে ছাড়ের সুবিধা বহাল রাখা হয়েছে।

এ ছাড়া পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC), সারেন্ডার সার্টিফিকেট, গ্লোবাল এন্ট্রি প্রোগ্রাম যাচাই-সহ একাধিক পরিষেবার ফিও নতুন করে নির্ধারণ করেছে কেন্দ্র। বিদেশ মন্ত্রকের দাবি, প্রশাসনিক ব্যয় বৃদ্ধি এবং পরিষেবার মানোন্নয়নের কথা মাথায় রেখেই এই সংশোধন করা হয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হল, পাসপোর্টের ফি শেষবার সংশোধন করা হয়েছিল ২০১২ সালে। দীর্ঘ ১৪ বছর পর আবার নতুন হারে আবেদন ফি কার্যকর হচ্ছে। ফলে যাঁরা আগামী কয়েক দিনের মধ্যে পাসপোর্টের জন্য আবেদন করার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য ৩০ জুনের মধ্যেই আবেদন সম্পন্ন করা আর্থিকভাবে লাভজনক হতে পারে। তবে ১ জুলাই বা তার পরে জমা পড়া সমস্ত আবেদনেই নতুন ফি প্রযোজ্য হবে, আবেদন শুরু কবে হয়েছে তা নয়, আবেদন জমা দেওয়ার তারিখই এখানে গুরুত্বপূর্ণ।