বয়স ষাট ছুঁলেও জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। আজও তাঁর এক ঝলক দেখার জন্য ভিড় জমায় হাজার হাজার মানুষ। সম্প্রতি ২৫ জুন মেঙ্গালুরুর এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফের প্রমাণ করলেন, কেন তাঁকে বলিউডের ‘বাদশা’ বলা হয়। তবে এদিন শুধু তাঁর উপস্থিতিই নয়, এক নারী অনুরাগীর আবেগঘন মন্তব্য এবং তার জবাবে শাহরুখ খানের রসিকতা এখন সোশ্যাল মিডিয়ার অন্যতম আলোচনার বিষয়।
অনুষ্ঠানে সাদা টি-শার্ট, কালো জ্যাকেট ও প্যান্টে স্বভাবসিদ্ধ স্টাইলে হাজির হন শাহরুখ। চোখে রোদচশমা, কানে দুল এবং হাতে ঘড়ি সব মিলিয়ে তাঁর লুক নজর কাড়ে উপস্থিত দর্শকদের। মেঙ্গালুরু বিমানবন্দর থেকে অনুষ্ঠানস্থল পর্যন্ত তাঁকে একবার দেখার জন্য ভক্তদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। মঞ্চে ওঠার পর দর্শকদের সঙ্গে গল্প, নাচ এবং হাসি-ঠাট্টায় জমে ওঠে গোটা অনুষ্ঠান।
এই সময়ই ঘটে এক মজার ঘটনা। দর্শকাসন থেকে এক মহিলা অনুরাগী বারবার চিৎকার করে বলতে থাকেন, “আই লাভ ইউ।” প্রথমে শব্দের ভিড়ে শাহরুখ ঠিকমতো শুনতে না পেলেও পরে তাঁর হাতে মাইক তুলে দেওয়া হয়। তখন ওই অনুরাগী অকপটে বলেন, “আমি আপনাকে খুব ভালোবাসি। আমার স্বামীর থেকেও আপনাকে বেশি ভালোবাসি।”
মহিলার এমন মন্তব্য শুনে হেসে ফেলেন শাহরুখ খান। নিজের পরিচিত রসবোধে তিনি বলেন, “এই কথাটা তো গোপনে বলতে হতো!” তাঁর এই উত্তর শুনে হাসির রোল ওঠে পুরো অনুষ্ঠান জুড়ে। এরপর অবশ্য তিনি ভক্তের আবেগকে সম্মান জানিয়ে বলেন, “এটা শুধু একটা কথা, কিন্তু আমি তোমার অনুভূতিটা বুঝতে পারছি। আমি নিশ্চিত, তোমার স্বামীও তোমাকে খুব ভালোবাসেন। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। তোমার স্বামী এবং পরিবারের জন্যও আমার অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল।”
একই অনুষ্ঠানে আরেক দর্শক শাহরুখকে প্রশ্ন করেন, অভিনয় জগতে না এলে তিনি কী করতেন। উত্তরে অভিনেতা বলেন, “আমি মেঙ্গালুরুর মতো সুন্দর শহরে থাকতে পারলে খুব খুশি হতাম। আর অভিনেতা না হলে সম্ভবত একজন শিক্ষক হতাম।”
প্রসঙ্গত, শাহরুখ খানকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল ‘ডাঙ্কি’ ছবিতে। বর্তমানে তিনি ব্যস্ত তাঁর বহুল প্রতীক্ষিত ছবি ‘কিং’-এর শুটিং নিয়ে। এই ছবিতে প্রথমবার মেয়ে সুহানা খানের সঙ্গে একই পর্দায় অভিনয় করতে দেখা যাবে বলিউডের এই সুপারস্টারকে। ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই ছবির মুক্তির জন্য।
অনুরাগীর প্রেমের প্রস্তাবে মজার জবাব শাহরুখের