মাসিক ভাতায় বড় বদল! কত টাকা বাড়ল জানেন?

 

ভাতা বাড়ল ৫০০ টাকা, মহিলাদের জন্য মাসে ৩ হাজারের ঘোষণা

 

কলকাতা: পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই একের পর এক বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সরকারি কর্মীদের জন্য ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণার পর এবার সাধারণ মানুষের জন্যও এল বড় সুখবর। বিশেষ করে মহিলা, প্রবীণ নাগরিক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য একাধিক জনমুখী প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে।

 

সবচেয়ে বড় ঘোষণা করা হয়েছে অন্নপূর্ণা যোজনা নিয়ে। অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সি যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। সরাসরি আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হবে। এই প্রকল্পের জন্য বাজেটে ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। সরকারের দাবি, এই উদ্যোগ মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

 

এর পাশাপাশি রাজ্যের প্রবীণ নাগরিক, বিধবা মহিলা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য মাসিক ভাতাও বাড়ানোর ঘোষণা করা হয়েছে। এতদিন এই শ্রেণির উপভোক্তারা মাসে ১ হাজার টাকা করে আর্থিক সহায়তা পেতেন। নতুন প্রস্তাব অনুযায়ী, সেই ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করা হবে। অর্থাৎ প্রত্যেক উপভোক্তা প্রতি মাসে অতিরিক্ত ৫০০ টাকা করে পাবেন।

 

রাজ্যের প্রথম বিজেপি বাজেটে নারী ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা এবং প্রত্যক্ষ আর্থিক সহায়তার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। একদিকে যেমন মহিলাদের জন্য মাসিক ভাতার বড় প্রকল্প, অন্যদিকে প্রবীণ ও অসহায় মানুষের জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি, সব মিলিয়ে বাজেটের এই ঘোষণাগুলি রাজ্যের লক্ষ লক্ষ পরিবারের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে।