বিশ্বরেকর্ড গড়েই ক্লান্ত মেসি! ম্যাচ শেষে কী বললেন ফুটবলের রাজপুত্র?

 

 

ফুটবলের দুনিয়ায় বিস্ময়ের আর এক নাম লিওনেল মেসি। বয়স, সময় কিংবা রেকর্ড— কোনও কিছুই যেন তাঁকে থামাতে পারছে না। আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিকের পর অস্ট্রিয়ার বিরুদ্ধেও জোড়া গোল করে বিশ্বকাপের ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টিনার অধিনায়ক। ১৮ গোল করে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে উঠে এলেন তিনি। তবে এই নজির গড়েই আবেগী হয়ে বড় মন্তব্য করে বসলেন ফুটবলের রাজপুত্র।

 

সোমবারের মেগা ম্যাচের শুরুটা মোটেও সুখকর ছিল না মেসির জন্য। প্রথমার্ধেই একটি পেনাল্টি নষ্ট করেন তিনি। শটটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় হতাশ হয়ে পড়েন আর্জেন্টাইন মহাতারকা। কিন্তু সেই ব্যর্থতার জবাব দেন মাঠেই। ৩৮ মিনিটে বাঁদিক থেকে আসা পাস নিখুঁত ফিনিশে জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন। ম্যাচের অন্তিম মুহূর্তে আরও একটি গোল করে নিজের রেকর্ডযাত্রাকে আরও উজ্জ্বল করে তোলেন।

 

ম্যাচ শেষে ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের অর্জনকেই বেশি গুরুত্ব দিলেন মেসি। তিনি জানান, পেনাল্টি মিস করার পর নিজের উপর ভীষণ রাগ হয়েছিল তাঁর। তবে পরে গোল করে সেই ভুল শুধরে নিতে পেরে স্বস্তি পেয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, বিশ্বকাপের প্রতিটি ম্যাচই কঠিন এবং নকআউট পর্বে পৌঁছতে পারাটাই দলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাফল্য।

 

দুই ম্যাচে পাঁচ গোল করা মেসিকে যখন জিজ্ঞেস করা হয়, বিশ্বকাপে করা ১৮টি গোলের মধ্যে কোনটি তাঁর সবচেয়ে প্রিয়, তখন ক্লান্ত হাসিতে তিনি জানান, এই মুহূর্তে আগের গোলগুলির কথা মনে করার মতো শক্তিও তাঁর নেই। এই ছবি দেখেই অনেকে বলছেন যে মেসি হয়তো এবার ক্লান্ত। কিন্তু এই ক্লান্তির ছাপ দেখা যায় না সবুজ গালিচার লড়াইয়ে। চল্লিশের দোরগোড়ায় দাঁড়িয়ে মেসি এটাও প্রমাণ করেন যে, বয়স একটা সংখ্যা মাত্র।