জমিদখল,প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রসহ একাধিক ধারায় এফআইআর দায়ের হয়েছে কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক অতীন ঘোষের বিরুদ্ধে।জানা যাচ্ছে,বাইপাস লাগোয়া মেট্রোপলিটন এলাকায় প্রায় ৪ কোটি টাকা বাজারমূল্যের আড়াই কাঠা জমির ওপর নির্মিত একটি তিন তলা বাংলো বাড়ি দীর্ঘ ৯ বছর ধরে দখল করে রাখার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
তার বিরুদ্ধে বিধাননগর(উত্তর) থানাতে অভিযোগ দায়ের করেন কমলিনী পাল।
অভিযোগকারিণীর বয়ান অনুযায়ী জানা যাচ্ছে, তাঁর বাবার উইলের সূত্রে তিনি এই সম্পত্তির মালিক হন। অতীন ঘোষের মেয়ের বাড়িটি পছন্দ হওয়ায় ক্ষমতার অপব্যবহার করে সেটি হাতানোর চেষ্টা করা হয়। অভিযোগ, অতীন ঘোষ, তাঁর মেয়ে ও অনুগামীরা বাড়িতে এসে ভয় দেখিয়ে এবং হুমকি দিয়ে নথিতে সই করিয়ে নেন। জোরপূর্বক অ্যাকাউন্টে ৫০ লক্ষ টাকা অগ্রিম হিসেবে দেওয়া হয়। পরবর্তীতে সুদসহ সেই টাকা ফেরত দেওয়া হলেও, তা না নিয়ে উল্টে প্রতারণার অজুহাতে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয় বলে অভিযোগকারিণীর জানান।
এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অতীন ঘোষের মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ।তিনি জানান, আইনিভাবে উইলের 'প্রবেট' ছাড়া সম্পত্তির মালিকানা পরিবর্তন সম্ভব নয়। 'ডিড অ্যাগ্রিমেন্ট অফ সেল' হওয়া সত্ত্বেও অভিযোগকারিণী ত্রুটিপূর্ণ নথি দেখিয়ে বাকি ২ কোটি টাকা দাবি করছেন।তার বাবার দীর্ঘ রাজনৈতিক জীবনের স্বচ্ছতা উল্লেখ করে তিনি দাবি করেন,পারিবারিক ভাগাভাগি এড়াতে ভুয়ো নথির সাহায্যে ওই পরিবার প্রতারণা করছে। এই ঘটনায় তিনি মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন।
বিষয়টি নিয়ে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে যথাযথ তদন্ত হবে এবং আইনানুযায়ী বিচার মিলবে। তবে অভিযোগ দায়ের হওয়া মানেই কেউ দোষী প্রমাণিত হন না, তা তদন্তসাপেক্ষ। এখন এটাই দেখার যে,সঠিক বিচার সম্পন্ন হচ্ছে কিনা।
জমিদখল ও প্রতারণা সহ একাধিক ধারায় অভিযুক্ত অতীন ঘোষ