সইফ আলি খানের উপর হামলার ঘটনায় অভিযুক্ত বাংলাদেশি নাগরিক মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদকে শনাক্ত করতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সাফল্য পেল মুম্বই পুলিশ। ৯ জানুয়ারি বান্দ্রা রেল স্টেশনের একটি সিসিটিভি ফুটেজ প্রথম সন্দেহভাজনকে চিহ্নিত করতে সাহায্য করে।
হামলার পরই মুম্বই পুলিশের বিশেষ দল বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ স্ক্যান করতে শুরু করে। সেই ফুটেজ থেকে একটি বাইকের নম্বর পাওয়া যায়, যা অভিযুক্তের গতিবিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র দেয়। পাশাপাশি, পুলিশের ‘ফেস রেকগনিশন সিস্টেম’ অভিযুক্তের গতিবিধি পর্যবেক্ষণ করে।
তদন্তে জানা যায়, অভিযুক্তকে দাদর রেল স্টেশনের বাইরে তিনবার ঘোরাফেরা করতে দেখা যায়। এরপর ওরলি কোলিওয়াড়ার দিকে যেতে দেখা যায়। অভিযুক্ত স্থানীয় শ্রমিক বস্তিতে লুকিয়ে থাকতে পারে এমন খবর পেয়ে, পুলিশ সেখানকার একজন ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করে। ঠিকাদার শেহজাদকে চিনতে পেরে তার অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেন।
পুলিশ সূত্রে জানা যায়, থানেতে একটি জঙ্গলঘেরা শ্রমিক বস্তি থেকেই রবিবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়। মুম্বই পুলিশের আধিকারিকদের মতে, ফেস রেকগনিশন প্রযুক্তির সঙ্গে প্রচলিত তদন্ত পদ্ধতির সমন্বয়ে এই সাফল্য অর্জিত হয়েছে।
সইফ-করিনার বান্দ্রার বাড়িতে চুরি করতে গিয়ে অভিযুক্ত হামলা চালিয়েছিল বলে পুলিশ জানিয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের ফলে এই চাঞ্চল্যকর মামলার সমাধান হয়েছে বলে মনে করছে মুম্বই পুলিশ।
