পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ সরকার থিয়েটারে অশ্লীলতা ও অনৈতিক কাজের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আজমা বোখারি সোমবার ঘোষণা করেন, থিয়েটারে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে অভিনেতা ও নৃত্যশিল্পীদের প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
মন্ত্রী আজমা বোখারি জানান, “অশ্লীলতা ছড়ানোর দায়ে থিয়েটার মালিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হবে, যাতে এই ধরনের কাজ আর না হয়। যদি তা উপেক্ষা করা হয়, তবে সংশ্লিষ্ট থিয়েটারের লাইসেন্স বাতিল করা হবে।” তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পাঞ্জাব সরকার কোনওভাবেই অশ্লীলতাকে প্রশ্রয় দেবে না।
সরকারের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো থিয়েটারে এমন পরিবেশ তৈরি করা, যেখানে পরিবার নিয়ে নির্বিঘ্নে শো দেখা সম্ভব হবে। এ নিয়ে আগেও পাঞ্জাব সরকার অশ্লীলতাবিরোধী অভিযানে নেমেছিল এবং অশ্লীল কিছু অভিনয় সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল।
এর আগে ২০২৩ সালে বাণিজ্যিক থিয়েটারের অশ্লীল প্রদর্শন বন্ধ করতে পাঞ্জাব সরকার ড্রামাটিক পারফরম্যান্স অ্যাক্ট ১৮৭৬-এর সংশোধন করেছিল। এবার আরও কঠোর পদক্ষেপ নেওয়া হলো, যার আওতায় থিয়েটার শিল্পকে নৈতিক ও সাংস্কৃতিক মূল্যবোধ বজায় রাখতে বাধ্য করা হচ্ছে।
পাঞ্জাব সরকারের এই সিদ্ধান্তে স্থানীয় শিল্পী ও থিয়েটার মালিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এই পদক্ষেপকে সংস্কৃতির সুরক্ষায় গুরুত্বপূর্ণ বলে মনে করছেন, আবার কেউ একে শিল্পের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে অভিযোগ তুলছেন।
