
কলকাতার চলচ্চিত্রপ্রেমীদের জন্য আসছে এক বিশেষ আয়োজন। নন্দন প্রেক্ষাগৃহে শুরু হতে চলেছে চতুর্থ বার্ষিক আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব (International Sports Film Festival of India)। আগামী ৪ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। এবছর বিশ্বের ১৬টি দেশ থেকে মোট ৩০টি ক্রীড়াভিত্তিক ছবি ও তথ্যচিত্র দেখানো হবে।
কলকাতা ক্রীড়াপ্রেমী শহর হিসেবে পরিচিত হলেও, শুধুমাত্র খেলাধুলাকে কেন্দ্র করে এমন পূর্ণাঙ্গ চলচ্চিত্র উৎসব খুব বেশি হয় না। সেই দিক থেকে এই উৎসব শহরের দর্শকদের জন্য এক আলাদা অভিজ্ঞতা নিয়ে আসছে। ফুটবল ছাড়াও ক্রিকেট, অ্যাথলেটিক্স, অন্যান্য আন্তর্জাতিক ক্রীড়া এবং ক্রীড়াবিদদের জীবনসংগ্রামকে কেন্দ্র করে তৈরি নানা ছবি ও তথ্যচিত্র থাকছে এই উৎসবে।
এবারের উৎসবের অন্যতম আকর্ষণ বড়পর্দায় লিওনেল মেসি ও দিয়েগো মারাদোনাকে ঘিরে তৈরি ছবি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে তৈরি ‘মেসি’ ছবিটি পরিচালনা করেছেন অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ফুটবল কিংবদন্তি প্রয়াত দিয়েগো মারাদোনাকে নিয়ে তৈরি একটি বিশেষ তথ্যচিত্রও দেখানো হবে। কলকাতার ফুটবলপ্রেমীদের কাছে এই দুটি ছবিই আলাদা আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করছেন আয়োজকরা।
বিশ্বকাপ ফুটবলের বছর হওয়ায় এবারের উৎসবের গুরুত্ব আরও বেড়েছে। জুন মাসে শুরু হতে চলেছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। তার আগে ক্রীড়া চলচ্চিত্র উৎসবের মাধ্যমে ফুটবল ও অন্যান্য খেলার আবহ তৈরি করতে চাইছেন আয়োজকরা। অতীতেও বিশ্বকাপের আগে নন্দনে ফুটবলভিত্তিক চলচ্চিত্র উৎসব আয়োজন হয়েছিল, যার সাড়া মিলেছিল ভালোভাবেই।
আয়োজকদের আশা, এই উৎসবের মাধ্যমে ক্রীড়া ও সিনেমার মেলবন্ধনে নতুন প্রজন্মের দর্শকদেরও আকৃষ্ট করা যাবে। শেষ শীতের বিকেলে নন্দনের পর্দায় খেলাধুলোর গল্প দেখতে মুখিয়ে রয়েছেন কলকাতার ক্রীড়া ও চলচ্চিত্রপ্রেমীরা।
