রতন টাটাকে তিনি ডাকতেন ‘লাইট হাউস’। জীবনের পথপ্রদর্শক, অভিভাবক, বন্ধু—সবটুকুই ছিলেন রতন টাটা। তাঁর প্রয়াণে ভেঙে পড়েছিলেন শান্তনু নাইডু। তবে বছর ঘুরতে না ঘুরতেই আবারও টাটার ছায়ায় ফিরলেন তিনি। এবার টাটা মোটরসের জেনারেল ম্যানেজার ও স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ প্রধান পদে নিযুক্ত হলেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর আবেগঘন পোস্ট করেছেন শান্তনু। লিঙ্কডইনে লিখেছেন, বাবা যখন টাটা মোটরসের প্ল্যান্ট থেকে ফিরতেন, জানালায় বসে অপেক্ষা করতাম। আজ বৃত্ত সম্পূর্ণ হল।
২০১৪ সালে পুণে ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেন শান্তনু। এরপর ২০১৬ সালে কর্নেল ইউনিভার্সিটিতে এমবিএ পড়তে যান। সেখানেই রতন টাটার সঙ্গে প্রথম দেখা। পথকুকুরদের দুর্ঘটনা থেকে বাঁচাতে তাঁর তৈরি বিশেষ কলার নজর কাড়ে টাটার। প্রথম সাক্ষাতেই তৈরি হয় বন্ধুত্ব। দুজনেরই কুকুরদের প্রতি অগাধ ভালবাসা ছিল, যা আরও কাছাকাছি এনেছিল তাঁদের।
২০১৮ সালে শান্তনু হয়ে ওঠেন রতন টাটার বিশেষ সহকারী। এরপর দুজন মিলে তৈরি করেন ‘গুডফেলোজ’। ২০২৪ সালের ৯ অক্টোবর, ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন টাটা। তবে শান্তনুর প্রতি তাঁর ভালবাসা থেকেই যায়। উইলে তাঁর পড়াশোনার ঋণ মকুব করেন এবং গুডফেলোজের সম্পূর্ণ মালিকানা শান্তনুর হাতে তুলে দেন।
শান্তনুর নতুন পদপ্রাপ্তি যেন রতন টাটার দেখানো পথেই এগিয়ে চলার প্রতিচ্ছবি।
