হাতকড়া, পায়ে শিকল—এভাবেই মার্কিন সেনার বিমানে তোলা হয়েছিল অবৈধ ভারতীয় অভিবাসীদের। বুধবার, আমেরিকা থেকে ১০৪ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয় পাঞ্জাবের অমৃতসরে। মার্কিন প্রশাসনের প্রকাশিত এক ভিডিয়োতে এই দৃশ্য ধরা পড়েছে, যেখানে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে ,অবৈধ প্রবেশ মানেই নির্বাসন।
মার্কিন সীমান্ত টহল প্রধান মাইকেল ডাব্লিউ ব্যাঙ্ক ভিডিয়োটি শেয়ার করে জানান, সেনা পরিবহনের মাধ্যমে এটি ছিল সবচেয়ে দূরের প্রত্যর্পণ বিমান। অভিবাসন আইন কার্যকর করতে প্রশাসনের কঠোর অবস্থানের প্রমাণ বলেই দাবি তাঁর।
জানা গেছে, ফেরত পাঠানোদের অধিকাংশই পাঞ্জাব, হরিয়ানা ও গুজরাটের বাসিন্দা। তাঁদের মধ্যে ১৯ জন মহিলা ও ১৩ জন নাবালিকাও রয়েছে। ৩৬ বছরের জসপাল সিং জানান, তাঁরা ভেবেছিলেন অন্য ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু পরে জানতে পারেন যে তাঁদের ভারতে ফেরত পাঠানো হচ্ছে। ব্রাজিল থেকে আমেরিকায় ঢোকার চেষ্টায় গ্রেফতার হয়েছিলেন তিনি। ১১ দিন আটক থাকার পর তাঁকেও দেশে ফেরত পাঠানো হয়।
মার্কিন প্রশাসনের এই কড়া মনোভাব অভিবাসন নীতির নতুন দিক উন্মোচন করছে। অবৈধভাবে সীমান্ত পার করা অভিবাসীদের এভাবে ফেরত পাঠানোর ঘটনা ইতিমধ্যেই আলোড়ন ফেলেছে।
