প্রয়াত শিল্পপতি রতন টাটার উইল খোলার পর প্রকাশ্যে এলো এক চাঞ্চল্যকর তথ্য। তাঁর বিপুল সম্পত্তির এক-তৃতীয়াংশ, অর্থাৎ প্রায় ৫০০ কোটি টাকা পেতে চলেছেন এক রহস্যময় ব্যক্তি—মোহিনী মোহন দত্ত। এই তথ্য সামনে আসতেই হতবাক টাটা পরিবার ও ঘনিষ্ঠ মহল।
তবে কে এই মোহিনী মোহন দত্ত? টাটা গোষ্ঠীর অনেকেই তাঁকে ভালো করে চিনতেন না। কিন্তু রিপোর্ট অনুযায়ী, প্রায় ছয় দশকের পরিচিতি ছিল রতন টাটার সঙ্গে। দত্ত পরিবারের মালিকানাধীন স্ট্যালিয়ন ট্র্যাভেল এজেন্সির ২০ শতাংশ অংশীদার ছিল টাটা গোষ্ঠী। পরে সেই সংস্থাটি তাজ হোটেল গ্রুপের অন্তর্ভুক্ত হয়ে যায়। এছাড়াও মোহিনী মোহন দত্ত থমাস কুকের অ্যাসোসিয়েট সংস্থা টিসি ট্রাভেল সার্ভিসেসের ডিরেক্টর পদে ছিলেন।
রতনের সঙ্গে তাঁর সম্পর্ক কতটা গভীর ছিল, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। মোহিনী নিজেকে রতনের ছেলের মতো মনে করতেন। তবে উইলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, রতন টাটা কখনও কাউকে দত্তক নেননি বা বিয়ে করেননি।
টাটা গোষ্ঠীর ঘনিষ্ঠরা জানিয়েছেন, মোহিনী মোহন দত্ত বহুবার জনসমক্ষে রতনের সঙ্গে নিজের ঘনিষ্ঠতার কথা বলেছেন। এমনকি ২০২৪ সালের ডিসেম্বরে রতন টাটার জন্মদিনের অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রতন টাটার মোট সম্পত্তির মধ্যে ৩৫০ কোটি টাকার ফিক্সড ডিপোজিট, আলিবাগের একটি বাংলো এবং মুম্বইয়ের জুহু তারা রোডে দু’তলা বাড়ি অন্তর্ভুক্ত রয়েছে। তবে এসব সম্পত্তি উত্তরাধিকারীদের হাতে আসতে বেশ কয়েক মাস সময় লাগবে। কারণ, এখনও বম্বে হাইকোর্টে উইল প্রোবেট করানো হয়নি।
এই বিপুল পরিমাণ সম্পত্তি পেয়ে কী করবেন মোহিনী মোহন দত্ত? তিনি কি টাটা গোষ্ঠীর সঙ্গে ভবিষ্যতে কোনো ভূমিকা নেবেন? এসব প্রশ্নের উত্তর খুঁজছে সবাই।
