বছরের পর বছর ধরে গর্ভাবস্থার লক্ষণগুলিকে স্বাভাবিক বলে মনে করা হয়। বমি বমি ভাব, ক্লান্তি, ওজন বৃদ্ধি—এসবই চেনা উপসর্গ। কিন্তু যদি বলা হয়, কোনও নারী সন্তানসম্ভবা অথচ টেরই পেলেন না? এমন ঘটনা সত্যিই সম্ভব!
ডিজিটাল ক্রিয়েটর নিকোল নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন, যেখানে পুরো গর্ভাবস্থায় তাঁর বেবি বাম্প বোঝাই যায়নি! বিষয়টি অবিশ্বাস্য হলেও বেঙ্গালুরুর অ্যাস্টর উইমেন অ্যান্ড চিলড্রেন হাসপাতালের গাইনোকোলজিস্ট ডাঃ কবিতা কোভি জানাচ্ছেন, কিছু নির্দিষ্ট শারীরিক গঠনের কারণে এমনটা ঘটতেই পারে। উচ্চতা বেশি হলে, অ্যাবডমিনাল মাসল মজবুত থাকলে, বা যদি অ্যান্টিরিয়র প্ল্যাসেন্টা থাকে, তাহলে বেবি বাম্প নজরেই পড়ে না।
আরও ভয়ঙ্কর তথ্য হল ‘ক্রিপটিক প্রেগন্যান্সি’। এটি এমন এক অবস্থা যেখানে নারী নিজেই বুঝতে পারেন না যে তিনি অন্তঃসত্ত্বা! ওবেসিটি, শক্তিশালী পেটের পেশী, বা রেট্রোভার্টেড ইউটেরাস থাকলে এমনটা ঘটতে পারে। এমনকি প্রসববেদনার আগপর্যন্ত টের না পাওয়ার ঘটনাও সামনে এসেছে।
তবে এই ‘অদৃশ্য’ গর্ভাবস্থা কিন্তু ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ প্রেগন্যান্সি ধরা না পড়লে, চিকিৎসা সঠিক সময়ে হয় না, যা মা ও সন্তানের জন্য বিপজ্জনক। বিশেষজ্ঞরা তাই সতর্ক করছেন, যদি পিরিয়ড অনিয়মিত হয়, বা শরীরে অস্বাভাবিক কিছু মনে হয়, তাহলে দেরি না করে প্রেগন্যান্সি টেস্ট করা জরুরি। না হলে, কোনও দিন আচমকাই সন্তান প্রসবের পরিস্থিতিতে পড়ে যেতে পারেন!
