ভারতের অন্যতম সেরা পেসার মহম্মদ শামি একসময় ভাবতেই পারেননি, দেশের হয়ে আর খেলতে পারবেন। তবে চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে নিজের মানসিক দৃঢ়তা ও পরিবারের সমর্থনকে ধন্যবাদ জানালেন এই তারকা।
২০২৩ বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকার পর হঠাৎই চোটের কারণে ১৪ মাস ক্রিকেটের বাইরে থাকতে হয়েছিল শামিকে। অস্ত্রোপচারের পর ক্রাচে ভর দিয়ে হাঁটা থেকে শুরু করে মাঠে দৌড়ানো—প্রতিটি ধাপ ছিল কঠিন। তবে জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছাই তাঁকে নতুন করে লড়াই করতে অনুপ্রাণিত করেছে।
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে আইসিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে শামি বলেন, “বিশ্বকাপের পর এই দীর্ঘ বিরতি আমাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছিল। প্রথম দু’মাস শুধু ভাবতাম, ভারতের হয়ে আর খেলতে পারব কি না!”
কিন্তু সেই কঠিন সময় পেরিয়ে আজ আবারও ভারতীয় দলের মূল ভরসা হয়ে উঠেছেন শামি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর কাঁধেই থাকবে দলের জয়ের দায়িত্ব।
