বাংলাদেশ জুড়ে এখন শুধুই শেখ হাসিনার বিরোধিতা।বঙ্গবন্ধুর প্রশংসা এখন রাষ্ট্রদ্রোহীতার সামিল। ‘জয় বাংলা’ স্লোগানকে কার্যত নিষিদ্ধ করেছে মহম্মদ ইউনুস প্রশাসন।কোথাও কোথাও কোনও মতে প্রাণ হাতে নিয়ে লুকিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগ কর্মীরা।বর্তমান সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা এবং তাঁর মন্ত্রিসভার সদস্য, আমলাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে। পরিস্থিতি এমন যে কোনও সময় আইন করে নিষিদ্ধও করা হতে পারে হাসিনার দলকে।এমন পরিস্থিতিতেই বড় জয় পেলেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা।
বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যানর্বাহী কমিটির নির্বাচনে বিএনপি-জামায়াত প্যানেলের চেয়ে আওয়ামী লীগপন্থীরা বেশি পদ পেয়েছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণ চলে। গণনা শেষে রাত সাড়ে ৮টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট তাহির জামিল চূড়ান্ত বেসরকারি ফল ঘোষণা করেন।
বাংলাদেশের আজকালের খবর অনুযায়ী নির্বাচনে ভোটার ছিলেন ২২৪ জন, ২০২ জন ভোট প্রদান করেন। এক বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি নির্বাচনে ৩টি প্যানেলে এবং একজন স্বতন্ত্রসহ ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। জানা গেছে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল (মনিরুল-ডলার পরিষদ) ৬টি পদ, বিএনপি-জামায়াত সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেল ৫টি পদ এবং শুধু বিএনপি সমর্থিত চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী ঐক্য ফ্রন্ট প্রার্থীরা দুটি পদে নির্বাচিত হয়েছেন। সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি-জামায়াত সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেলের মহম্মদ ইসাহাক। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী ঐক্য ফ্রন্টের মাহমুদুল ইসলাম কনক। এই ফলাফল সামনে আসতেই বাংলাদেশজুড়ে নতুন করে হাসিনার সমর্থকদের ঘুরে দাঁড়ানোর গুঞ্জন শুরু হয়েছে।
Leave a comment
Leave a comment
