বছরের শুরুতেই টলিউডে বড়সড় চমক নিয়ে হাজির হয়েছে এসভিএফ। ‘গল্পের পার্বণ ১৪৩২’ নামের এক বিশেষ আয়োজনের মাধ্যমে তাদের আসন্ন প্রজেক্টগুলোর ঘোষণা আসতে চলেছে। শুক্রবার সন্ধ্যায় এই ঘোষণার আগে থেকেই ইন্ডাস্ট্রির অন্দরে নানা গুঞ্জন শোনা যাচ্ছে—কোন কোন নতুন ছবি বা সিরিজ দর্শকদের জন্য অপেক্ষা করছে?
শোনা যাচ্ছে, ধ্রুব বন্দ্যোপাধ্যায় আবার ফিরছেন তাঁর জনপ্রিয় গুপ্তধন ফ্র্যাঞ্চাইজির নতুন অধ্যায় নিয়ে। ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’-এর পর এবার আসতে চলেছে ‘সপ্তডিঙার গুপ্তধন’। সোনাদা, আবির, ঝিনুকের নতুন রহস্য-সন্ধানের গল্প এবার জাতীয় স্তরেও দর্শকদের কাছে পৌঁছতে পারে বলে অনুমান করা হচ্ছে। আজকের অনুষ্ঠানে এই ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসতে পারে।
এদিকে দেবকে নিয়ে ‘রঘু ডাকাত’-এর শুটিংও শুরু করার প্রস্তুতি নিচ্ছেন ধ্রুব। ইতিমধ্যেই দেবের দুটি ভিন্ন লুক প্রকাশ্যে এসেছে, যা দর্শকদের মধ্যে বাড়িয়েছে কৌতূহল। নতুন লুকের উন্মোচনও হতে পারে আজ সন্ধ্যায়।
পরমব্রত চট্টোপাধ্যায় ওটিটি প্ল্যাটফর্মে বেশ কিছু কাজ পরিচালনা করলেও, এবার নতুন কিছু প্রজেক্ট নিয়ে তিনি হাজির হচ্ছেন। শুধু পরিচালনাই নয়, আজকের অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বও থাকছে তাঁর কাঁধে। তবে তাঁর প্রকল্পগুলো কী হতে চলেছে, তা নিয়ে এখনও রহস্য বজায় রয়েছে।
অন্যদিকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নতুন কাজ নিয়েও আলোচনা তুঙ্গে। ‘সন্তান’ ছবির পর এবার কোন মাধ্যমে তিনি ফিরবেন—সিনেমা নাকি ওয়েব সিরিজ? আজকের ঘোষণাতেই সেই জল্পনার অবসান হতে পারে।
এছাড়া প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত নতুন কাকাবাবু ছবির প্রথম পোস্টারও প্রকাশ পেতে পারে আজ। মোটকথা, ‘গল্পের পার্বণ ১৪৩২’ নিয়ে টলিপাড়ায় উত্তেজনার পারদ চড়ছে, আর অপেক্ষা মাত্র কয়েক ঘণ্টার!
Leave a comment
Leave a comment
