বলিউডের আলোচিত জুটি তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মাকে ঘিরে কিছুদিন আগেও বিয়ের জল্পনা ছিল তুঙ্গে। অনুরাগীরা ভেবেছিলেন, খুব শিগগিরই নতুন অধ্যায় শুরু করতে চলেছেন এই দুই তারকা। কিন্তু হঠাৎই শোনা যাচ্ছে উল্টো খবর—তাদের সম্পর্ক নাকি ভেঙে গেছে! এই খবরে হতাশ হয়েছেন তাঁদের ভক্তরা।
একটি প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, কয়েক সপ্তাহ আগেই তাঁদের বিচ্ছেদ হয়ে গেছে। যদিও ব্যক্তিগত সম্পর্কের ইতি ঘটলেও, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। শোনা যাচ্ছে, ভবিষ্যতে দুজনেই কেরিয়ারে মনোনিবেশ করতে চান এবং সম্পর্কের এই পরিবর্তন তাঁদের বন্ধুত্বকে ক্ষতিগ্রস্ত করবে না। তবে তাঁদের আলাদা হওয়ার আসল কারণ এখনো অজানা। এ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি তামান্না বা বিজয়।
তাঁদের প্রেমের গুঞ্জন শুরু হয় ২০২৩ সালে, যখন ‘লাস্ট স্টোরিজ ২’ মুক্তির আগেই নববর্ষ উদযাপন করতে গোয়ায় একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। সুজয় ঘোষ পরিচালিত এই অ্যান্থলজি ছবির শুটিংয়ের সময়ই তাঁদের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। প্রথমবার একসঙ্গে কাজ করতে গিয়ে তাঁরা একে অপরের প্রতি আকৃষ্ট হন এবং সেই থেকেই সম্পর্কের শুরু। বেশ কিছুদিন দুজনকে একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছিল, এমনকি তাঁরা সোশ্যাল মিডিয়াতেও একে অপরের পোস্টে নিয়মিত মন্তব্য করতেন, যা তাঁদের সম্পর্কের গভীরতার ইঙ্গিত দিয়েছিল।
তবে সময়ের সঙ্গে সঙ্গে হয়তো পরিস্থিতির পরিবর্তন হয়েছে। তাঁদের একসঙ্গে প্রকাশ্যে আসার ঘটনাও কমে গিয়েছিল সাম্প্রতিক সময়ে। এখন বিচ্ছেদের খবর সামনে আসায় ভক্তদের মনে একাধিক প্রশ্ন জাগছে। অনেকে মনে করছেন, পেশাগত কারণে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। আবার কেউ কেউ ভাবছেন, হয়তো ব্যক্তিগত মতপার্থক্যের কারণেই তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
যদিও বিচ্ছেদের কারণ নিয়ে তাঁরা কোনো মন্তব্য করেননি, তবে তাঁদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে যে আলোচনা চলছিল, তা আপাতত এই খবরে অন্য মোড় নিল। বিজয় ও তামান্না দুজনেই বলিউডে নিজেদের কেরিয়ার নিয়ে ব্যস্ত, তাই হয়তো ব্যক্তিগত জীবনে আপাতত কোনো নতুন পদক্ষেপ নিতে চাইছেন না। তবে তাঁদের বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধা অক্ষুণ্ণ থাকবে বলেই মনে করা হচ্ছে।
Leave a comment
Leave a comment
