বিখ্যাত সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ির মৃত্যুর কারণ হিসাবে উঠে এসেছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (OSA)-র নাম। এটি ঘুমের মধ্যে শ্বাসকষ্টজনিত একটি গুরুতর সমস্যা, যা শ্বাস নেয়ার পথ বন্ধ হয়ে যাওয়ার কারণে ঘটে। ঘুমের সময় গলার পেশিগুলি শিথিল হয়ে গেলে শ্বাসের পথ আটকে যায়, ফলে মস্তিষ্কে অক্সিজেনের অভাব দেখা দেয় এবং রোগীর শ্বাস বন্ধ হয়ে যেতে পারে। এতে রোগীর ঘুম বারবার ভেঙে যেতে পারে এবং দীর্ঘমেয়াদে এটি হার্ট অ্যাটাক, স্ট্রোক ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়।
চিকিৎসকদের মতে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার লক্ষণগুলির মধ্যে রয়েছে ঘুমের মধ্যে উচ্চ শব্দে নাক ডাকা, শ্বাস নিতে না পারা, সকালে ক্লান্তি ও মাথা ভার লাগা, এবং দিনে অতিরিক্ত ঘুম ঘুম ভাব। অতিরিক্ত ওজন, ধূমপান, অ্যালকোহল গ্রহণ এবং বংশগত কারণ এই রোগের ঝুঁকি বাড়ায়।
চিকিৎসার জন্য সাধারণত লাইফস্টাইল পরিবর্তন, ওজন নিয়ন্ত্রণ এবং ধূমপান ও অ্যালকোহল পরিত্যাগ করার পরামর্শ দেওয়া হয়। CPAP (Continuous Positive Airway Pressure) মেশিন ব্যবহারের মাধ্যমে শ্বাস নালীর পথ খোলা রাখা হয়। কিছু ক্ষেত্রে অস্ত্রোপচারেরও প্রয়োজন পড়ে। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি, কারণ এটি অবহেলা করলে প্রাণঘাতী হতে পারে।
