স্নিগ্ধা চৌধুরী
মাত্র ৮ দিনের মিশন! কিন্তু বাস্তবে হয়ে গেল ৯ মাসের ‘গৃহবন্দি’ জীবন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) আটকে পড়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও তাঁর সহকর্মী ব্যারি উইলমোর। কিন্তু এই অতিরিক্ত দিনগুলির জন্য তাঁরা কি মোটা টাকা ওভারটাইম পাবেন? না, নাসা তাদের দিয়েছে নামমাত্র ‘হাতখরচ’।
নাসার নিয়ম অনুযায়ী, অভিযানের সময়সীমা পেরিয়ে গেলে মহাকাশচারীরা অতিরিক্ত পারিশ্রমিক পান। তবে পরিমাণ শুনলে চমকে যাবেন! দিনপ্রতি মাত্র ৪ ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩৪৭ টাকা! ২৮৬ দিনের হিসেব করলে তাঁরা পাবেন মোট ১,১৪৮ ডলার বা প্রায় ১ লক্ষ টাকা।
অনেকেই ভাবছিলেন, এত বড় একটি মিশনে অতিরিক্ত সময় কাজের জন্য সুনীতারা বড়সড় পারিশ্রমিক পাবেন। কিন্তু নাসার অবসরপ্রাপ্ত মহাকাশচারী কোডি কোলম্যান জানিয়ে দিয়েছেন, অতিরিক্ত সময়ের জন্য বিশাল কোনও অঙ্ক বরাদ্দ হয় না। মহাকাশচারীদের প্রধান উপার্জন তাঁদের মূল বেতনই।
তবে এতদিন মহাকাশে কাটানোর পরেও এখনই বাড়ি ফিরতে পারবেন না সুনীতারা। দীর্ঘ ৯ মাসের ওজনহীন পরিবেশের ধাক্কা সামলাতে তাঁদের থাকতে হবে বিশেষ পর্যবেক্ষণে। মহাকাশ থেকে ফেরার পর মানবদেহের অভ্যন্তরীণ কার্যপ্রণালী স্বাভাবিক হতে সময় নেয়। সেই সঙ্গে পৃথিবীর বায়ুমণ্ডল ও জীবাণুর সঙ্গে খাপ খাইয়ে নেওয়াটাও চ্যালেঞ্জিং। তাই আপাতত কোয়োরেন্টিনে রাখা হবে সুনীতাদের, যাতে তাঁদের স্বাস্থ্যের ওপর কোনও বিরূপ প্রভাব না পড়ে।
এই ঘটনা আবারও প্রমাণ করল, মহাকাশে কাজ করা শুধু বৈজ্ঞানিক সাফল্য নয়, এটি এক ভয়ঙ্কর শারীরিক ও মানসিক পরীক্ষাও! ৯ মাসের ‘বন্দি জীবন’ শেষে পৃথিবীর মাটি ছুঁলেও এখনই ‘স্বাধীনতা’ মিলছে না সুনীতাদের।
