পরিতোষ সাহা:বীরভূম
ডেউচা-পাঁচামী কয়লা প্রকল্পের জন্য গঠিত হল নয়া কমিটি।৩০ জনের এই কমিটি কয়লা প্রকল্পে থাকা স্থানীয় বাসিন্দাদের বোঝানো থেকে শুরু করে তাদের কোথায়, কোন অসুবিধা আছে কিনা তা দেখভাল করবে এই কমিটি।কমিটি তা রিপোর্ট আকারে জেলাশাসক ও পুলিশসুপারকে পেশ করবে।
কয়লা প্রকল্প নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে ভ্রান্তিমূলক ছবি,আলোচনা চলছে তার বিরুদ্ধে এবার কমিটি গঠন করে দিল অনুব্রত মণ্ডল।শনিবার মহম্মদবাজার বিডিও অফিসে একটি বৈঠকে হাজির ছিলেন অনুব্রত।সেখানে উপস্থিত ছিলেন মহম্মদবাজার বিডিও,ওসি ও প্রকল্প এলাকার আদিবাসী নেতারা।সেখানেই এই কমিটি গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়।এই কমিটিতে প্রকল্প এলাকার সেকেড্ডা,হিংলো ও ভাঁড়কাটা গ্রাম পঞ্চায়েতের তিন প্রধানকে রাখা হয়েছে।এছাড়াও এলাকার বেশ কিছু মানুষকে এই কমিটিতে রাখা হয়েছে।
সূত্র মারফত জানা গেছে,এই কমিটির মূল কাজ,কয়লা প্রকল্পকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে যে সন্দিহান আছে,তা দূর করা।সেকেড্ডা,হিংলো ও ভাঁড়কাটা গ্রাম পঞ্চায়েতের মথুরাপাহাড়ি,চাঁদা,গাবারবাথান,সাগরবাঁদি,বারোমেশিয়া,তালবাঁধ,দেওয়ানগঞ্জ,সোঁতশাল,আলিনগর,কাপাসডাঙ্গা সহ বিভিন্ন গ্রামের মানুষজনকে নিয়ে এই কমিটি গঠন করা হয়।৩০ জনের কমিটি প্রতি মাসে দু’দিন এলাকার বিভিন্ন গ্রামে বসবে।তারা সাধারণ মানুষের বিভিন্ন অভাব-অভিযোগ শুনে তা লিপিবদ্ধ করে,বিডিও,জেলাশাসক ও পুলিশসুপারকে লিখিত আকারে জানাবে।সেইমতো জেলা প্রশাসন তা সমাধান করবে।
ডেউচা-পাঁচামী কয়লা প্রকল্প নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেন অনুব্রত মণ্ডল।তিনি বলেন,“প্রকল্প এলাকার মানুষজনদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।সেই কমিটি এবার থেকে দেখাশোনা করবে।”
