নতুন করে পশ্চিম এশিয়ায় উত্তেজনা।গাজায় হামাস আর ইজরায়েল সেনার ভয়ঙ্কর লড়াইয়ের মধ্যেই নতুন যুদ্ধের শঙ্কা তৈরি হল লেবাননে।শনিবার ইজরায়েলে দফায় দফায় রকেট হামলা চালানো হয় লেবানন থেকে। ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবানন থেকে উত্তর ইসরায়েলের সীমান্তে নিক্ষেপ করা তিনটি রকেট প্রতিহত করেছে।শুধু তাই নয়,লেবানন থেকে ছোড়া একাধিক রকেট প্রতিহত করার পর সেদেশে পাল্টা গোলাবর্ষণ ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
এই পাল্টাপাল্টি হামলায় তেল আবিব ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ মধ্যে কয়েক মাস আগে হওয়া যুদ্ধবিরতির মৃত্যুঘন্টা বেজে যেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।ইজরাইলের প্রতিশোধমূলক হামলার পরই তার দেশ একটা নতুন সংঘাতের প্রান্তে দাড়িয়ে রয়েছে বলে শঙ্কা প্রকাশ করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। লেবাননের ভূখণ্ড থেকে রকেট হামলা চালানোর প্রতিশোধ নেওয়ার ইসরাইলের হুমকির পরিপ্রেক্ষিতে তিনি এই সতর্কতা জারি করেছেন।
গত মঙ্গলবার থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান শুরু করেছে ইজরায়েলি সেনাবাহিনী। ইজরায়েলি বাহিনীর হামলায় গাজায় ২০০র বেশি শিশুসহ ৬ শতাধিক প্যালেস্তেনীয় নিহত হয়েছেন। জবাবে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইজরায়েকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
শনিবার ভোরে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ইরান-সমর্থিত গোষ্ঠী হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার রাতে তারা ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র গুলি করে মাটিতে নামিয়েছে। ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানার আগেই ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করা সম্ভব হয়েছে বলে জানানো হয়।এর পরেই ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের ইয়াহমোর শহরের উপকণ্ঠে গোলাবর্ষণ করে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে প্যালেস্তাইন সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার জেরে গাজা ঘিরে যুদ্ধ শুরু হয়। তার পরে হিজবুল্লাহও তেল আবিবের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে। পরে ইসরায়েল হিজবুল্লাহর একাধিক শীর্ষ নেতা ও অসংখ্য যোদ্ধাকে খতম করার পাশাপাশি বড় হামলা চালায় তাদের অস্ত্রভাণ্ডারেও।এরপর কিছুটা হলেও ধাক্কা খায় ইরানঘনিষ্ঠ সশস্ত্র এই গোষ্ঠীটি । মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছরের নভেম্বরে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়।সেই যুদ্ধবিরতি চুক্তিতে ঠিক হয় দক্ষিণ লেবাননে হিজবুল্লার কোনো অস্ত্র থাকবে না, ইজরায়েল সেখান থেকে সেনা প্রত্যাহার করে নেবে এবং ওই এলাকায় লেবাননের সরকারি বাহিনী মোতায়েন থাকবে। এবার ফের সীমান্তে দুপক্ষের হামলা শুরু হওয়ায় নতুন করে যুদ্ধের সম্ভাবনা তৈরি হল বলে আশঙ্কা করছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। যদিও ইজরায়েলের পাল্টা হামলার পর লেবাননের প্রধানমন্ত্রী জানান, নতুন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে তৈরি তাঁর দেশ।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
