এবার তৃণমূলের মহিলা নেত্রীদের কুরুচিকর ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কখনো বললেন,”বাড়ির সামনে ধুয়ে ধুয়ে এসেছি”, কখনো আবার,”মহিলাদের লেলিয়ে দিয়ে ছ্যাঁচড়া রাজনীতি করছে তৃণমূল”, আবার বললেন,”তৃণমূল মহিলাদের দিয়ে পার্টি অফিসে পিঠে বানায়”। এর আগে মহিলাদের উদ্দেশ্যে নানান ধরনের কটু কথা বলতে শোনা গিয়েছে দিলীপ ঘোষকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোশাক নিয়ম মন্তব্য করেছেন তিনি।
প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ বলেন, “এই ছ্যাঁচড়া রাজনীতি বন্ধ হওয়া দরকার। যাকে-তাকে রাস্তায় নামিয়ে লেলিয়ে দেওয়া, এই ধরনের রাজনীতি বন্ধ করুন।” তাঁর কথায়, “কী কটূক্তি করেছি? কালকে তো ওই ওয়ার্ডে গিয়ে ধুয়ে দিয়ে এসেছি। প্রথম দিনই বলেছি বাড়ি থেকে টেনে বের করে এনে পিটব। এখনও দিলীপ ঘোষের দম আছে।”
বিজেপি-র প্রাক্তন এদিন সাংসদ বলেন, “মহিলা কী পুরুষ… সে যদি রাস্তায় শুয়ে পড়ে। সকলের সামনে নাটক করেন। মহিলা বলছেন কেন?লিঙ্গ দেখে মহিলা? তৃণমূল মহিলাদের ব্যবহার করে। ওরা পিঠে বানানোর নাম করে পার্টি অফিসে রাতভর মহিলাদের নিয়ে ফূর্তি করে। এরা মহিলাদের কথা কোন মুখে বলে। এদের এক-একটা নেতার চরিত্র দেখুন কী করছে। বেলেল্লাপনা করতে পারে মহিলাদের নিয়ে। আমি আমার জায়গা থেকে সরছি না।”
উল্লেখ্য, বিজেপি নেতা দিলীপ ঘোষ খড়গপুরের ছ’নম্বর ওয়ার্ডে ভবানীপুরে একটি রাস্তার উদ্বোধনে গিয়েছিলেন। এলাকার মহিলারা তাঁকে দেখেই বিক্ষোভ শুরু করেন। ওই মহিলাদের প্রশ্ন, কেন বিধায়ক-সাংসদ না হওয়ার পরও কেন তিনি রাস্তার উদ্বোধন করছেন? দিলীপ ঘোষের দাবি, তাঁরা তৃণমূল কর্মী। রেগে গিয়ে দিলীপ বলেন, “টাকা দিয়েছি। কারও বাপের টাকা নয়। ভিখারি পার্টি নয়। আমি টাকা দিয়ে বানিয়েছি।” শুরু হয় বিতর্ক।
