শীঘ্রই শিয়ালদহ ডিভিশনে নিয়মিত এসি লোকাল ট্রেন পরিষেবা চালু হচ্ছে
সুদীপ্ত চট্টোপাধ্যায়
যাত্রীদের আরামদায়ক ও উন্নত ভ্রমণের জন্য
কলকাতার লোকাল ট্রেন পরিষেবায় এবার আসছে নতুন বিপ্লব! মুম্বই ও চেন্নাইয়ের পর এবার শিয়ালদহ ডিভিশনেও চালু হতে চলেছে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) লোকাল ট্রেন। শিয়ালদহ ডিভিশনে এসি লোকাল ট্রেন চালুর ভাবনা কয়েক বছর আগেই। পরীক্ষামূলকভাবে কিছু মহিলা স্পেশাল ট্রেনের প্রথম শ্রেণির কামরাকে এসিতে রূপান্তর করা হয়েছিল, কিন্তু বেশি ভাড়ার কারণে যাত্রীরা সেভাবে আগ্রহ দেখাননি। তবে এবার যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে এবং উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে প্রথমবারের মতো সম্পূর্ণ এসি লোকাল ট্রেন চালু করতে চলেছে পুর্ব রেল কর্তৃপক্ষ।
কি কি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এই সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেনে—
*** এই অত্যাধুনিক ট্রেন সর্বোচ্চ ১১০ কিমি/ঘণ্টা গতিতে চলতে পারবে এবং ২৫ কেভি বৈদ্যুতিক মোটরে পরিচালিত হবে।
*** প্রতিটি কোচ স্টেইনলেস স্টিলের তৈরি হবে, যা মজবুত ও টেকসই।
*** মেট্রোর মতো স্বয়ংক্রিয় দরজা থাকবে, যা চালক বা ট্রেন ম্যানেজারের (গার্ড) নিয়ন্ত্রণে থাকবে।
*** যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রেনের প্রতিটি কামরায় থাকবে সিসি ক্যামেরা।
*** এলসিডি স্ক্রিনে পরবর্তী স্টেশন ও অন্যান্য আপডেট দেখানো হবে।
*** প্রতিটি কোচে চার্জিং পয়েন্ট থাকবে। যা স্মার্ট ডিভাইস চার্জ করার সুবিধা দেবে।
*** একসঙ্গে প্রায় ১১০০ যাত্রী আরামদায়ক ভ্রমণ করতে পারবেন।
এই এসি ট্রেন কবে থেকে চালু হবে এবং কোন রুটে চলবে, তা এখনও চূড়ান্ত হয়নি। তবে অফিস টাইমে যাত্রীদের সুবিধার্থে ব্যস্ততম রুটে চালানোর পরিকল্পনা রয়েছে। ট্রেনের ভাড়া সাধারণ লোকালের তুলনায় বেশি হবে, তবে সেটি কত হবে তা শীঘ্রই ঘোষণা করা হবে বলে পুর্ব রেল সুত্রে জানানো হয়েছে। রেল আধিকারিকদের দাবি, এই এসি লোকাল ট্রেন চালু হলে যাত্রীরা আগের তুলনায় আরও স্বাচ্ছন্দ্যে ও আরামে যাতায়াত করতে পারবেন। বিশেষ করে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে এসি কামরার শীতল পরিবেশ শহরের নিত্যযাত্রীদের জন্য এক বড় স্বস্তি হবে। নিরাপত্তা ও আধুনিক সুযোগ-সুবিধার জন্য এই ট্রেন হতে পারে শহরের পরিবহণ ব্যবস্থার এক যুগান্তকারী সংযোজন বলে মনে করছেন রেল কর্তারা।
