নির্দেশ অমান্যে হস্তক্ষেপ করবে আদালত
সুদীপ্ত চট্টোপাধ্যায়
রাজ্যের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৭টি বিশ্ববিদ্যালয় এখনও উপাচার্যহীন। আর এই ১৭টি বিশ্ববিদ্যালয়ে আগামী দু’সপ্তাহের মধ্যে উপাচার্য নিয়োগের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। উপাচার্য নিয়োগের নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এর ডিভিসন বেঞ্চ। দু’সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি হবে। তার মধ্যে সমস্ত নিয়োগের কাজ শেষ করতে হবে। না হলে আদালত হস্তক্ষেপ করবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্ব দীর্ঘদিনের। বিশ্ববিদ্যালয় গুলিতে উপাচার্য নিয়োগের অধিকার বা নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে মূলত বিরোধ নবান্ন ও রাজভবনের। এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভিজিটর বা পরিদর্শক হিসেবে রাজ্যপাল নয় শিক্ষামন্ত্রীকেই চায় নবান্ন। একাধিক বৈঠক, আলাপ-আলোচনা, বাক-বিতণ্ডা ও পারস্পরিক দোষারোপের পালার পর উপাচার্য নিয়োগ নিয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টই নিয়োগ প্রক্রিয়ার জন্য বাছাই কমিটি তৈরি করে দেয়। যার পরে উপাচার্য নিয়োগ শুরু হলেও ১৭ টি বিশ্ববিদ্যালয় বেশ কিছুদিন ধরে উপাচার্য্যহীন। তার ওপর সম্প্রতি অস্থায়ী উপাচার্য হিসেবে যাদবপুর বিশ্ববিদ্যালয় ভাস্কর গুপ্তকে অব্যাহতি দিয়েছে রাজভবন। বর্তমানে উপাচার্য্যহীন অবস্থায় রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ও। আজ এই মামলার শুনানিতে বিচারপতিরা বর্তমানে নিয়োগের পরিস্থিতি জানতে চাওয়ায় রাজ্যপালের আইনজীবী জয়দীপ মজুমদার জানান, মোট ৩৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৯টিতে উপাচার্য নিয়োগ হয়ে গিয়েছে। ১৭টি বিশ্ববিদ্যালয়ে বাকি রয়েছে। শীঘ্রই হয়ে যাবে। বিচারপতি সূর্যকান্ত বলেন, দু’সপ্তাহের মধ্যে সব নিয়োগ না হলে আদালত নিয়োগের ক্ষেত্রে হস্তক্ষেপ করবে।
