খাতা দেখা ও সময়ে ফলপ্রকাশ নিয়ে সংশয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ
সুদীপ্ত চট্টোপাধ্যায়
এসএসসি প্যানেল বাতিল হওয়ায় উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতা দেখার জন্য প্রয়োজনীয় শিক্ষকের যোগান নিয়ে সংশয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ফলে নির্ধারিত সময়ের মধ্যে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ নিয়ে খুব একটা স্বস্তিতে নেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
উল্লেখযোগ্য, এসএসসি প্যানেল বাতিলের তালিকায় মোট ১৭ হাজার শিক্ষক-শিক্ষিকার মধ্যে ৫ হাজার ৬১০ জন উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষিকা রয়েছেন। শতাংশের বিচারে যা উচ্চমাধ্যমিক স্তরের মোট শিক্ষকের ১০ থেকে ১৫ শতাংশ। উচ্চ মাধ্যমিক স্তরে খাতা দেখার ক্ষেত্রে একজন হেড এগজামিনার বা প্রধান পরীক্ষকের অধীনে ২০ থেকে ২৫ জন এগজামিনার বা শিক্ষক থাকেন। ইতিমধ্যেই রাজ্যের একাধিক প্রধান পরীক্ষকের কাছে বেশ কিছু শিক্ষক যারা এগজামিনার হিসেবে কাজ করছিলেন এবং একইসঙ্গে বাতিলের তালিকাতে আছেন তারা উচ্চমাধ্যমিকের খাতা ফেরত দিয়ে গেছেন। পাশাপাশি আরও একটি বিষয় মনে রাখতে হবে যে সংসদের নিয়ম অনুযায়ী নিদেনপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা না থাকলে উচ্চমাধ্যমিকের খাতা দেখতে পারেন না একজন শিক্ষক বা পরীক্ষক। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা তুলনায় কম হলেও শিক্ষক স্বল্পতা এবং পরীক্ষকদের খাতা ফেরত দেওয়ার বিষয়টি বেশ অস্বস্তিতে রেখেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে। ফলে সময়ের মধ্যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে সংশয় রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদেরই। পাশাপাশি মাধ্যমিকের থেকে আলাদা ৩৪টি বিষয় উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের পড়ানো হয়। কৃত্রিম মেধা, ডেটা সায়েন্স সহ একাধিক বিষয়ে রয়েছে যেগুলোর জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হয় শিক্ষকদের। এসএসসি প্যানেল বাতিলের তালিকাভুক্ত রয়েছেন সেই ধরনের বেশ কিছু শিক্ষক-শিক্ষিকা। সেক্ষেত্রে বাতিল শিক্ষকরা পঠন-পাঠনের কাজে বিরত থাকলে শিক্ষক স্বল্পতা সংসদের মাথা ব্যথার অন্যতম কারণ হয়ে দাঁড়াবে বলেও মনে করা হচ্ছে। যদিও মাধ্যমিকের মত এক্ষেত্রেও গরমের ছুটি এগিয়ে আনার সরকারি সিদ্ধান্ত কিছুটা হলেও সুরাহা দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে। তবে উচ্চ মাধ্যমিক স্তরে মাধ্যমিকের তুলনায় পঠন-পাঠনের বর্ধিত সিলেবাস কিভাবে রাজ্যের স্কুলগুলিতে সময়ের মধ্যে সম্পন্ন হবে তা নিয়ে ইতিমধ্যেই ভাবনা-চিন্তা শুরু করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উল্লেখযোগ্য, গত ১৮ মার্চ উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর ৮ মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হওয়ার কথা। এই পরিস্থিতিতে রাজ্য সরকার গরমের ছুটি এগিয়ে দেওয়ায় ফল প্রকাশের ক্ষেত্রেও কিছুটা বেগ পেতে হবে বলে মনে করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
