স্নিগ্ধা চৌধুরী
আজ রামনবমীর দিন তামিলনাড়ুর পম্বন চ্যানেলে ইতিহাস গড়ল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধনে পথ চলা শুরু করল দেশের প্রথম ‘ভার্টিকাল লিফট’ রেল সি-ব্রিজ নতুন পম্বন সেতু। একদিকে রেল, অন্যদিকে সমুদ্রের রাজপথে বিশাল জাহাজ! এই অনন্য সমন্বয়ের এক নিখুঁত নজির স্থাপন করল এই সেতু।
তামিলনাড়ুর মণ্ডপম শহর থেকে রামেশ্বরম দ্বীপ পর্যন্ত বিস্তৃত এই সেতু ২ কিলোমিটার দীর্ঘ। প্রযুক্তির দিক থেকে একে বলা হচ্ছে ভারতীয় রেল ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়। এর মাঝখানের ৭২.৫ মিটার অংশ ১৭ মিটার উঁচুতে তোলা যায়—যাতে জাহাজ নির্বিঘ্নে পার হতে পারে। এই ভার্টিকাল লিফট প্রযুক্তি দেশের রেল পরিকাঠামোয় এক নতুন সংযোজন।
১৯১৪ সালে একই স্থানে তৈরি হয়েছিল দেশের প্রথম সি-রেল ব্রিজ পুরনো পম্বন সেতু। একসময় সেই পথ ধরেই পণ্য যেত শ্রীলঙ্কা পর্যন্ত। তবে সময় ও প্রকৃতির ধাক্কায় দুর্বল হয়ে পড়েছিল সেই সেতু। ২০১৯ সালে শুরু হয় নতুন সেতুর নির্মাণ—সমুদ্রের ঢেউ, ঝড়, এমনকি ভূকম্পনের আশঙ্কার মাঝেও নিরলসভাবে চলে কাজ।
এই সেতুর কাঠামো তৈরি হয়েছে স্টেইনলেস স্টিল, বিশেষ রং ও এমন উপাদানে যা আগামী শতাব্দী পর্যন্ত টিকে থাকার মতো। দ্বৈত ট্র্যাকের সুযোগ থাকলেও আপাতত একটি ট্র্যাকেই চলবে রেল। এটি শুধু রেলযাত্রীদের জন্য নয়, পর্যটকদের কাছেও হয়ে উঠবে এক দর্শনীয় স্থান।
রামেশ্বরমের সঙ্গে সহজ সংযোগ তৈরি হল ভারতের মূল ভূখণ্ডের। ধনুষকোটির রাস্তা সুগম হবে, আর মাত্র ১২ নটিক্যাল মাইল দূরের শ্রীলঙ্কাও যেন আরও কাছে এল।
ভারতের রেল পরিকাঠামোয় নতুন যুগের সূচনা হল আজ যেখানে ট্রেন সমুদ্র পেরোবে, আর আকাশ ছুঁয়ে এগোবে দেশের প্রযুক্তি।
