রেড রোডে এই অনুষ্ঠান পালনের অধিকার আছে কি? প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি
সুদীপ্ত চট্টোপাধ্যায়
আগামীকাল কলকাতার রেড রোডে ‘ হনুমান চল্লিশা’ উদযাপনে অনুমতি দিল না হাইকোর্ট। রেড রোড নয়, পুলিশের প্রস্তাব মেনে রানি রাসমণি এভিনিউ অথবা শহিদ মিনার ময়দানে এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠান পালনের পরামর্শ দিল হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। ” আগে যখন কোনোদিন রেড রোডে এই ধরনের অনুষ্ঠান উদযাপন হয়নি তখন বুঝতে হবে যে সেখানে এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান করার অধিকার আছে কিনা। ইতিমধ্যেই রেড রোডে যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেগুলো দীর্ঘদিন ধরে সেখানে হয়ে আসছে। সে কারণেই সিঙ্গল বেঞ্চ এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজকদের কাছে এফিডেফিট বা হলফনামা চেয়েছে।” মামলার পর্যবেক্ষণে জানান হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।
প্রসঙ্গত আগামীকাল ভোরবেলা কলকাতার রেড রোডে হনুমান চল্লিশা উদযাপনের জন্য কলকাতা পুলিশের কাছে হিন্দু সেবা দলের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। যদিও কলকাতা পুলিশ রেড রোডে এ ধরনের অনুষ্ঠান করার অনুমতি দেয়নি। প্রয়োজনে রানী রাসমণি এভিনিউ অথবা শহীদ মিনার ময়দানে এ ধরনের অনুষ্ঠান করার পরামর্শ দেয় পুলিশ। রেড রোডেই এই ধর্মীয় অনুষ্ঠান করার অনুমতি দেওয়ার আবেদন জানিয়ে হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চে দারস্ত হয় আয়োজকরা। যদিও শুনানি শেষে অনুমতি দেওয়ার আগে এ প্রসঙ্গে আয়োজকদের থেকে হলফনামা চান বিচারপতি ঘোষ। একক বেঞ্চের সিদ্ধান্তে সন্তুষ্ট না হয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন আয়োজকরা। প্রথমে মামলা গ্রহণের অনুমতিতে নিমরাজি হয়েও পরে শুক্রবার দুপুরে শুনানিতে সায় দেন প্রধান বিচারপতি। মামলার শুনানিতে মামলা গাড়ির আইনজীবী রাজদীপ মজুমদার জানান রেড রোডে বিভিন্ন সরকারি অনুষ্ঠান বা রাজনৈতিক অনুষ্ঠান উদযাপিত হয় দীর্ঘদিন ধরে। তাহলে হনুমান চল্লিশা উদযাপনে কেন পুলিশি অনুমতি মিলবে না। রেড রোডে চারপাশে ময়দান রয়েছে। ফলে ধর্মীয় এই প্রার্থনা সভায় কারো কোন অসুবিধা হওয়ার কথা নয়। দিনের পর দিন রেড রোডে ১৫ আগস্ট এর অনুষ্ঠান উদযাপিত হয়। একদিন আগে থেকে যানবাহন চলাচল বন্ধ করে এই সরকারি অনুষ্ঠান পালিত হয়। তাহলে আংশিক সময়ের জন্য যানবাহন নিয়ন্ত্রণ করে ভোর বেলায় এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে বাধা কোথায়? প্রশ্ন মামলাকারী আইনজীবীর। পাল্টা প্রধান বিচারপতি যুক্তি, স্বাধীনতা সংগ্রামে বাংলা তথা বাঙালির অবদান অনস্বীকার্য। সেলুলার জেলে গেলে বোঝা যায় কত বাঙালি এই স্বাধীনতার যুদ্ধে নিজেদের প্রাণ বলিদান দিয়েছেন, দ্বীপান্তর হয়েছেন। আর সেই কলকাতার রেড রোডে স্বাধীনতার অনুষ্ঠান নিয়ে প্রশ্ন তোলা যুক্তিহীন। একই সঙ্গে প্রধান বিচারপতি বলেন যে অনুষ্ঠান আগে কখনো এই রেড রোডে অনুষ্ঠিত হয়নি। সেখানে নতুন করে সেই অনুষ্ঠান উদযাপনের অনুমতি দেওয়া যুক্তিহীন। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালত কে জানান পুলিশ এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠান পালনে বাধা দেয়নি। শুধুমাত্র স্থান পরিবর্তনের পরামর্শ দিয়েছে। এটি মূলত ধর্মীয় অনুষ্ঠান হলেও রাজনৈতিক কর্মসূচির নামান্তর। সে ক্ষেত্রে রেড রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় কোন অস্থিরতা বা আইন শৃঙ্খলা অবনতির সম্ভাবনা তৈরি হোক এটা চায় না কলকাতা পুলিশ। যাবতীয় সবাল জবাবে নিরিখে শুনানি শেষ করে রেড রোডে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান ‘হনুমান চল্লিশা’ উদযাপনের অনুমতি নাকচ করেন হাইকোর্টের প্রধান বিচারপতি।
