‘রাজ্যে ওয়াকফ আইন লাগু নয়’ মুখ্যমন্ত্রীকে বিধানসভায় প্রস্তাব আনতে আবেদন নওশাদের
সুদীপ্ত চট্টোপাধ্যায়
রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় ওয়াকফ সংশোধনী আইন চালু না করার প্রস্তাব গ্রহণের
দাবি জানালেন রাজ্যের একমাত্র আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছেন নওশাদ। শুধু বিধানসভায় প্রস্তাব গ্রহণই নয়, এই কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার আবেদনও জানিয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের বিধায়ক।
অন্যদিকে,ওয়াকফ বিল নিয়ে ইমামদের সংগঠনের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৬ এপ্রিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে বৈঠক ডাকা হয়েছে। সেখানে নতুন ওয়াকফ আইন নিয়ে তাঁদের আপত্তির দিকগুলি শুনবেন মুখ্যমন্ত্রী।
উল্লেখযোগ্য, বাংলায় সর্বধর্ম সমন্বয়ের বৈশিষ্ট্য বজায় থাকবে এবং কোনও সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি কেড়ে নেওয়া হবে না বলে ইতিমধ্যেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি নেতাজি ইন্ডোরে একটি সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন কেন্দ্রীয় ওয়াকফ আইন বাংলায় চালু করা হবে না। কোনও সরকার কারও সম্পত্তির অধিকার কেড়ে নিতে পারে না বলেও সওয়াল করেন মমতা। এই পরিস্থিতিতে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর মুখ্যমন্ত্রীকে লেখা চিঠি বেশ তাৎপর্যপূর্ণ। রাজ্য সরকার যখন ওয়াকফ বিল নিয়ে কেন্দ্র বিরোধিতায় সরব তখন রাজ্যের কেন্দ্র বিরোধিতার রাজনীতিকে কাজে লাগিয়ে রাজনৈতিকভাবে ফললাভ করতে চাইছেন নওশাদ বলে মনে করছে রাজনৈতিক মহল।
