“শিক্ষকরা পুলিশকে মারবেন এটা কতটা বাঞ্ছনীয়?” পাল্টা প্রশ্ন নগরপালের
সুদীপ্ত চট্টোপাধ্যায়
——!—————–
পুলিশের ভুল হতে পারে, কিন্তু শিক্ষকরা পুলিশকে পেটাবে সেটা কি বাঞ্ছনীয়?
চাকরিহারা শিক্ষকদের পুলিশের লাথি মারার ভাইরাল ভিডিওর পাল্টা প্রশ্ন তুললেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। একই সঙ্গে বিক্ষোভরত চাকরিহারা শিক্ষকদের লাথি-লাঠির প্রশ্নে কার্যত নিজের অধস্থানদের পাশেই দাড়ালেন কলকাতার পুলিশ কমিশনার।
শুক্রবার লালবাজারে পুলিশ কমিশনার বলেন
“চাকরিহারা শিক্ষকদের পুলিশের লাথি সমর্থনযোগ্য নয়। একথা আগেও বলেছি, আবার বলছি। কিন্তু শিক্ষকরা পুলিশকে মারবেন এটা কখনও প্রত্যাশিত?” পুলিশ কমিশনার বলেন ” শিক্ষকরা পুলিশকে আক্রমণ করবেন এটা পুলিশ ভাবতেই পারেনি। আর কর্তব্যরত পুলিশকর্মীকে মারলে পুলিশ তো পদক্ষেপ করবেই”। শিক্ষকদের মারে ১৩ জন পুলিশ কর্মী আহত হয়েছেন যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন কলকাতার নগরপাল। এক পুলিশ কর্মীর পা ভেঙেছে তিনি কবে সুস্থভাবে হাঁটাচলা করতে পারবেন সেটা এখনই বলা সম্ভব নয়। তার থেকে বড় কথা তার চোখের চশমা ভেঙ্গে যদি চোখটা নষ্ট হতো তাহলে তার দায় কে নিতো? প্রশ্ন মনোজ ভার্মার। পুলিশ কমিশনারের আক্ষেপ
“পুলিশের বিরুদ্ধে অনেক কথা বলা হচ্ছে, অনেক বিশেষণ প্রয়োগ করা হচ্ছে, কিন্তু পুলিশ কর্মীদের গুরুতর জখম হাওয়া নিয়ে কোনও শিক্ষক এখনো দায় স্বীকার করেননি। এই দায় স্বীকারের দায় কে নেবে? ” জানতে চান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। শিক্ষকদের লাথি মারার প্রসঙ্গে মনোজ ভার্মার বক্তব্য, অতীত এরকম ঘটনা ঘটেনি তা নয়। আরজি কর এর ঘটনা তে ও অনেক সমালোচনা হয়েছিল। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। তারপরেও কলকাতা পুলিশ ট্রেনিং এর ব্যবস্থা করেছে যেখানে যেখানে ভুল হয়েছে তার শোধরানোর ব্যবস্থা করেছে। প্রয়োজনে এই ভুলের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে এক্ষেত্রেও করা হবে। বরং পুলিশ কমিশনারের পাল্টা যুক্তি, ” পুলিশ ভুল করতেই পারে। তার জন্য ব্যবস্থাও নেওয়া হয়।”
