কলকাতা থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার মুখোমুখি আইএসএস বিধায়ক নওশাদ সিদ্দিকী। ডোমজুড় অঙ্কুরহাটি চেকপোস্টের কাছে সিগনালে ঘটে এই ঘটনা। যদিও ঘটনায় হতাহতের কোন খবর নেই। বিধায়ক সহ বাকি সকলেই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। কিন্তু কিভাবে দুর্ঘটনার মুখে পড়লেন বিধায়ক নওশাদ সিদ্দিকী?
জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ কলকাতা থেকে বাড়ি ফেরার সময় ডোমজুড় অঙ্কুরহাটি চেকপোষ্টের কাছে সিগনালে গাড়ি দাঁড়িয়ে ছিল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। তখনই বন্ধে বিপত্তি। সেইসময় বাঁ দিক থেকে একটি ট্রাক বিধায়কের গাড়িকে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল গাড়ির সামনের দিকে একটি চাকা ফেটে যায়। যদিও এই ঘটনায় নওশাদ সিদ্দিকী অল্পের জন্য রক্ষা পান। তিনি আহত হননি। তার গাড়ি চালক এবং নিরাপত্তা রক্ষীরাও কেউ আহত হয়নি।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে এলাকার মানুষজন। তাঁরা ট্রাকটিকে ধরে ফেলেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ। নওশাদ সিদ্দিকী জানান, সিগনালে তাঁর গাড়ি দাঁড়িয়ে থাকার সময় ট্রাক ধাক্কা মারে। ওই এলাকাটি অত্যন্ত দুর্ঘটনা প্রবণ। তাই আন্ডারপাসের দরকার। এর পেছনে অন্য কোন উদ্দেশ্য আছে কিনা সে ব্যাপারে তিনি মন্তব্য করতে অস্বীকার করেন।
উল্লেখ্য, বছর দুয়েক আগে কোনা এক্সপ্রেসওয়ের গড়ফার কাছে আইএসএস বিধায়ক নওশাদ সিদ্দিকীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। সেবারেও তিনি অল্পের জন্য রক্ষা পান। আজ দুর্ঘটনার পর ডোমজুড় থানার পুলিশ বিধায়কের জন্যে অন্য একটি গাড়ির ব্যবস্থা করে। সেই গাড়িতে চেপেই তিনি বাড়িতে ফেরেন। যদিও বিধায়কের অনুগামীরা মনে করছেন, এটা কোনো চক্রান্ত হতে পারে। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে জানা গেছে ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।
