মসজিদ-মাদ্রাসা কবরস্থান ও সংবিধান বাঁচাতে ব্রিগেড সমাবেশের ডাক
সুদীপ্ত চট্টোপাধ্যায়
সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে এবার ব্রিগেড সমাবেশের ডাক। আগামী ২৬ এপ্রিল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশের ডাক দিল মুসলিম পার্সোনাল ল বোর্ড। ‘মসজিদ বাঁচাও, মাদ্রাসা বাঁচাও, কবরস্থান বাঁচাও, সংবিধান বাঁচাও’ এই স্লোগান তুলে ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে। ওয়াকাপ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদের অশান্তিতে অগ্নিগর্ভ পরিস্থিতি মুর্শিদাবাদ সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায়। এই পরিস্থিতিতে শান্তিপূর্ণ প্রতিবাদের জন্য এবং মুসলিম ধর্মাবলম্বীদের সাংবিধানিক অধিকার রক্ষার স্বার্থে এই ব্রিগেড সমাবেশের ডাক মুসলিম পার্সোনাল ল বোর্ডের বলে জানানো হয়েছে। একইসঙ্গে ওয়াকফ অশান্তিতে মৃত তিনজনের পরিবারকে সরকারিভাবে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবিও করেছে মুসলিম পার্সোনাল ল বোর্ড। প্রসঙ্গত, আগামী ২০ এপ্রিল ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে সিপিআইএমের কৃষক, ক্ষেতমজুর, শ্রমিক ও বস্তি সংগঠন। পরে ২৬ হাজার চাকরি বাতিলের ইস্যুটিও এই ব্রিগেড কর্মসূচির অন্তর্ভুক্ত করে সিপিআইএম। ইতিমধ্যেই আগামী ২১ এপ্রিল প্রায় ২৬ হাজার চাকরি বাতিল ইস্যুতে নবান্ন অভিযানের ডাক দিয়েছে 12 টি গণ সংগঠনের যৌথ ফোরাম। এর পাশাপাশি ২৬ এপ্রিল ওয়াকফ ইস্যুতে ব্রিগেড সমাবেশের এই কর্মসূচির ফলে বৈশাখের প্রথম ১৫ দিনে রাজ্যের রাজনৈতিক উত্তাপের পারা যথেষ্ট চরমে উঠবে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। যদিও রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে ওয়াকফ অশান্তিতে মুর্শিদাবাদের পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণে। ধীরে ধীরে স্বাভাবিকের পথে এগোচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত নবাবের জেলা। এই পরিস্থিতিতে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ঢাকা ব্রিগেড সমাবেশ উপলক্ষে ওয়াকফ ইস্যুতে রাজ্যজুড়ে ফের উন্মাদনা তৈরি হতে পারে বলেও মনে করছে সরকারি মহলের একাংশ।
