১৯ এপ্রিল কাটরা-বারামুলা বন্দে ভারতের সূচনায় মোদি
সুদীপ্ত চট্টোপাধ্যায়
ভূস্বর্গের সঙ্গে সমতলের যোগাযোগে নতুন মাইলস্টোন। উধমপুর-শ্রীনগর-বারামুলা রেল সংযোগ প্রকল্পের কাটরা-সাংগালদান অংশের উদ্বোধন আগামী ১৯ এপ্রিল। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধনের পর মোট ২৭২ কিলোমিটার এই রেলপথে রাজধানী দিল্লির সঙ্গে সরাসরি যুক্ত হবে কাশ্মীর উপত্যকা। ভারতীয় রেলের ইতিহাসে যা নয়া মাইলস্টোন বলে মনে করছেন রেল কর্তারা। এই রেল পথেই রয়েছে বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে আর্চ সেতু চেনাব রেল সেতু। যা আগেই উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভূপৃষ্ঠ থেকে ৩৬৯ মিটার উচ্চতায় অবস্থিত রেইসি জেলার বককাল ও কৌরি গ্রামের মধ্যে চেনাব নদীর উপর অবস্থিত বিশ্বের এই সর্বোচ্চ রেল সেত। এই রেল পথেই রয়েছে ভারতের দীর্ঘতম পরিবহন সুরঙ্গ। ১২.৭৭ কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গ পথ সুম্বার-খাঁড়ি অঞ্চলে অবস্থিত। ইতিমধ্যেই এই প্রকল্পকে ঘিরে প্রচুর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন রেল আধিকারিকরা। ১৯ এপ্রিল মধ্যবর্তী অংশ জুড়ে গেলে এই গোটা রেলপথ শুধু পরিবহন ব্যবস্থায় নতুন দিগন্ত তৈরি করবে তাই নয় কর্মসংস্থানের ক্ষেত্রেও বিরাট সুফল মিলবে বলে জানিয়েছ রেল দপ্তর। রেল সূত্রে জানা গেছে, ১৯ এপ্রিল উদ্বোধনের দিন চেনাব রেল সেতু থেকে কাটরা পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রেনে চড়েই ভ্রমণ করবেন এবং পথিমধ্যে অঞ্জি খারে এলাকায় দেশের প্রথম কেবল রেল সেতুর উদ্বোধনও করবেন। এরপর কাটরায় পৌঁছে কাটরা থেকে বারামুলা পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী।
