আজ যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করার আশ্বাস দিয়েছিল এসএসসি। কিন্তু এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি সেই তালিকা। আদৌ তালিকা প্রকাশিত করা হবে কিনা সেই নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে। এরই মধ্যে চাকরিহারারা এসএসসি ভবন অভিযানে সামিল হলেন। যোগ্য শিক্ষক-শিক্ষকা অধিকার মঞ্চ এদিন কমিশনের উপর চাপ বাড়াতে এসএসসি ভবন অভিযান শুরু করে। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে SSC-র চেয়ারম্যানের সঙ্গে দেখা করা নিয়ে। যতক্ষণ না তালিকা প্রকাশ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাঁরা এই আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান বঞ্চিত চাকরিপ্রার্থীরা।
এক চাকরিহারা প্রার্থী বলেন, “কোনও কাউন্সিলিংয়ের অজুহাত চলবে না। যোগ্যদের লিস্ট লাগবে। তা না হলে এক্ষুনি ২২ লক্ষ OMR পাবলিশড করুন।” এদিন এসএসসির চেয়ারম্যানের সঙ্গে দেখা করা নিয়ে প্রবল কথাকাটাকাটি সৃষ্টি হয় চাকরি হারাদের। তাঁদের বক্তব্য একটাই, অনেক হয়েছে রুদ্ধদ্বার বৈঠক, আর নয়! এসএসসির তালিকা প্রকাশ নিয়ে নিজেদের দাবিতে অনড় চাকরিহারা।
চাকরিহারাদের আন্দোলনের কারণে অবরুদ্ধ হয়ে পড়েছে সল্টলেক। এসএসসি ভবনের সামনে বসে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা অবস্থানে বসে রয়েছেন। এক চাকরিহারা শিক্ষিকা জানান, “আমরা কোনও দিশা খুঁজে পাচ্ছি না। আমাদের নিয়ে কী করতে চলেছে ওরা। ২০১৫ সালে রিভিউ পিটিশন বেরিয়েছিল। তারপর থেকে খালি আন্দোলন করে যাচ্ছি। কখনও লিস্ট বের করার জন্য, কখনও কাউন্সিলিংয়ের জন্য আন্দোলন করতে হয়েছে। মোটমাট যোগ্য-অযোগ্য তালিকা আমরা চাই। ব্যাস।”
